Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

শ্রদ্ধা-ভালোবাসায় চিরনিদ্রায় ফুটবলের রাজা পেলে

মঙ্গলবার স্থানীয় সময় সকালে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা জাতির শ্রেষ্ঠ সন্তানকে শ্রদ্ধা জানানোর পর শুরু হয় শেষযাত্রা

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩, ০৪:১৯ পিএম

খেলোয়াড়ি জীবনে ফুটবলের রাজা পেলের সঙ্গে সান্তোসের নামটি জড়িয়ে ছিল অবিচ্ছেদ্যভাবে। ব্রাজিল সরকার তাকে “অরপ্তানিযোগ্য” “জাতীয় সম্পদ” হিসেবে ঘোষণা দেয়। ক্যারিয়ারে কখনোই তাই ইউরোপে খেলা হয়নি পেলের। শেষ দুই বছর নিউইয়র্ক কসমসে কাটানোর আগে ক্যারিয়ারের ১৮টি বছর সান্তোসেই পার করেন এই কিংবদন্তি।

মৃত্যুর পরেও সান্তোস আর পেলে মিলে গেলেন একই মোহনায়। বুধবার বাংলাদেশ সময় ভোরে সান্তোসের ভিলা বেলমেরো স্টেডিয়ামের পাশেই অবস্থিত ১৪ তলার বিশাল সমাধিস্থল নেক্রপল একুমেনিকায় ফুটবলের রাজা পেলেকে সমাধিস্থ করা হয়। তার আগে ক্লাবের মাঠ ভিলা বালমিরো থেকে সমাধিস্থলে যাওয়ার আগে লাখ লাখ মানুষ শেষ শ্রদ্ধা নিবেদন করে তাকে।

ফুটবলের রাজা ব্রাজিলের কিংবদন্তি তারকা ফুটবলার পেলে  গত ২৯ ডিসেম্বর, বৃহস্পতিবার সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে মৃত্যুবরণ করেন।

মৃত্যুর আগে পেলে নিজেই বলে গিয়েছিলেন, তার শবদেহ যেন সান্তোসের মাঠে নিয়ে যাওয়া হয়। সে কারণে পেলেকে শেষশ্রদ্ধা জানাতে তার কফিন সোমবার নেওয়া হয় সান্তোসের মাঠ ভিলা বেলমিরোতে। পেলের কথা রেখে সেখানে ২৪ ঘণ্টার জন্য রাখা হয়েছিল তার শবদেহ। ব্রাজিলীয় ভাষায় লেখা শ্রদ্ধার্ঘ্যের অনুবাদ করলে দাঁড়ায়- দীর্ঘজীবী হোন রাজা।

সান্তোসের ভিলা বেলমেরো স্টেডিয়ামে পেলের মরদেহ নিয়ে আসার পর/টুইটার

ভিলা বেলমেরো স্টেডিয়ামে পেলের কফিনবন্দি নিথর দেহ রেখে সোমবার সকালে শুরু হয় ২৪ ঘণ্টাব্যাপী শেষ শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতা। স্থানীয় সময় মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টা পর্যন্ত লাখো মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অশ্রুভেজা চোখে শেষশ্রদ্ধা জানান ফুটবল সম্রাটকে। এরপর ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা জাতির শ্রেষ্ঠ সন্তানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর শুরু হয় শেষযাত্রা।

ব্রাজিলের মানুষ ফুটবলের রাজাকে শ্রদ্ধা জানাতে ছুটে গিয়েছিল ভিলা বেলমেরো স্টেডিয়ামে। বিশ্বের নানা প্রান্ত থেকে খেলার জগতের তারকা আর সংগঠকরাও পেলের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য ছুটে যান সেখানে। পেলেকে যেন মানুষ শেষবারের মতো একবার দেখতে পায়, এ কারণে খুলে রাখা হয়েছিল কফিনের ঢাকনা।

সান্তোসের ভিলা বেলমেরো স্টেডিয়ামে পেলের প্রতি মানুষের শেষ শ্রদ্ধা/টুইটার

সান্তোসের মাঠ ভিলা বালমিরো থেকে যখন তার মরদেহ বের করা হচ্ছিল, সেখানে প্রায় ২০ লাখের বেশি মানুষ পেলেকে শেষ শ্রদ্ধা জানানোর অপেক্ষায় ছিল। ফায়ার ট্রাকের ওপরে করে কফিন নেওয়া ব্রাজিলের একটি ঐতিহ্য। সে অনুযায়ী সাদা রঙের ফায়ার ট্রাকে ব্রাজিলের পতাকায় মোড়ানো পেলের কফিন সান্তোসের বিভিন্ন রাস্তায় ঘোরানো হয়। শবযাত্রার সময় রাস্তার দুপাশে ভিড় জমিয়ে পেলেকে শেষবিদায় জানান সাধারণ মানুষ। অশ্রুসজল চোখেই পেলেকে নিয়ে গান গাইতে দেখা যায় অনেককে।

সাদা রঙের ফায়ার ট্রাকে ব্রাজিলের পতাকায় মোড়ানো পেলের কফিন সান্তোসের বিভিন্ন রাস্তায় ঘোরানো হয়/টুইটার

এরপর ১৪ তলার বিশাল সমাধিস্থল নেক্রপল একুমেনিকায় পেলের মরদেহ নিয়ে যাওয়া হয়। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, মেমোরিয়াল নেক্রপোল একুমেনিকা বিশ্বের সবচেয়ে উঁচু উল্লম্ব সমাধিস্থল। সেখানে ১৪ হাজার ভল্ট রয়েছে। এছাড়া, ভবনের বেজমেন্টে আরও আছে পাথরের তৈরি ভল্টের মতো একাধিক স্থান, রয়েছে শেষকৃত্যানুষ্ঠান করার কক্ষ, একটি শবদাহের স্থান ও একটি সমাধিস্তম্ভ।

বিশাল এলাকা নিয়ে তৈরি ১৪ তলা ভবনের এই সমাধিস্থলে একটি বাগানও আছে। এ ছাড়া ভবনের ছাদে আছে একটি ক্যাফে ও কৃত্রিম জলপ্রপাত। তবে জানলে হয়তো সবচেয়ে বেশি অবাক হবেন, এই সমাধিস্থলে বিভিন্ন সময়ে অনেক মানুষের ব্যক্তিগত ব্যবহার করা গাড়ি নিয়ে একটি জাদুঘর আছে।

মেমোরিয়াল নেক্রপোল একুমেনিকা/টুইটার

১৯৮৩ সালে নির্মিত এই সমাধিস্থলের স্থপতি পেপে আলস্টাট। মূলত যেসব ব্যক্তির পরিবার তাদের স্বজনের মৃতদেহ আরও ব্যক্তিগত ও বিশেষভাবে সংরক্ষণ করে রাখতে চান, তাদের জন্যই এই সমাধিস্তম্ভ তৈরি করা হয়েছে। সমাধিস্তম্ভ হলেও সমুদ্রতীর ও পাহাড়ের পাদদেশে অবস্থিত বলে সময়ের পরিক্রমায় এটি একটি পর্যটন আকর্ষণে পরিণত হয়েছে।

সমাধিস্থলে যাওয়ার পথে পৈতৃক বাড়ির সামনে দিয়ে। যেখানে থাকেন তার শতবর্ষী মা সেলেস্তে আরান্তেস। আগের দিন ছেলেকে শেষবারের মতো দেখতে তাকে নিয়ে যাওয়া হয়েছিল ভিলা বেলমেরোয়। পেলেকে সমাহিত করার আগে ধর্মীয় শেষকৃত্যানুষ্ঠানে উপস্থিত ছিলেন শুধু তার পরিবারের সদস্যরা। ইউরোপের বিভিন্ন ক্লাব থেকেও প্রতিনিধি দল গিয়েছিল পেলের শেষকৃত্যে অংশ নিতে। সেখাসে তারা পেলের স্ত্রী মার্সিয়া আওকি, তিন সন্তান এদিনহো, সিলেস্তে ও কেলি নাসিমেন্তোকে সহমর্মিতা জানায়।

   

About

Popular Links

x