পশ্চিম আফ্রিকান দেশ গিনি বিসাউ ব্রাজিলিয়ান কিংবদন্তী পেলের নামে একটি স্টেডিয়ামের নামকরণ করেছে। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর বাফানার একটি স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে “কিং পেলে স্টেডিয়াম”।
শুক্রবার (৬ জানুয়ারি) দেশটির সরকার এই ঘোষণা দিয়েছে। গিনি-বিসাউ সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে পেলের নামে স্টেডিয়ামের নামকরণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
স্টেডিয়ামের নামকরণের বিষয়টি দেশটির মন্ত্রী পরিষদের বৈঠকে চূড়ান্ত হয়। তার আগে পেলের স্মরণে মিটিংয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
স্টেডিয়ামের নাম বদলে পেলের নামে করার কারণ হিসেবে এক বিবৃতিতে গিনি বিসাউয়ের সরকার জানিয়েছে, জনমানুষের কাছে ফুটবলের রাজা হিসেবে তার যে খ্যাতি, সেটাকে শ্রদ্ধা জানাতেই মন্ত্রিপরিষদ বাফাটার আঞ্চলিক এ স্টেডিয়ামের নাম “কিং পেলে স্টেডিয়াম” করার সিদ্ধান্ত নিয়েছে।
প্রাদেশিক এই স্টেডিয়ামের ধারণ ক্ষমতা ১৫ হাজার। রাজধানী বিসাউ থেকে ১৫০ কিলোমিটার পূর্বে অবস্থিত বাফানা শহর।
ক্যান্সারের সঙ্গে লড়াই করে ২৯ ডিসেম্বর ৮২ বছর বয়সে সাও পাওলো একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ফুটবলের রাজা পেলে।
এর আগে গত বুধবার আফ্রিকার আরেক দেশ কেপ ভার্দের প্রধানমন্ত্রী উলিসেস কোরিয়া ই সিলভা দেশটির রাজধানী প্রাইয়াতে একটি স্টেডিয়ামের নাম “কিং পেলে স্টেডিয়াম” করার ঘোষণা দেন।
ফিফা সভাপতি গিয়ান্নি ইনফান্তিনো পেলের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিয়ে বিশ্বের সব দেশে একটি স্টেডিয়ামের নাম পেলের নামে করার আহবান জানিয়েছিলেন। গিয়ান্নির আহবানে সাড়া দিয়ে আফ্রিকার দুই দেশ ফুটবলের রাজাকে স্মরণ করে স্টেডিয়ামের নতুন নামকরণ করেছে “কিং পেলে স্টেডিয়াম”।



