Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

পর্তুগিজ অভিধানে বিশেষণ হিসেবে যুক্ত হলো ‘পেলে’

পর্তুগিজ অভিধানে এখন ‘পেলে’ মানে ‘অসাধারণ-অতুলনীয়-অনন্য’

আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, ০৬:৪৯ পিএম

খেলোয়াড়ি জীবনে ফুটবল মাঠে দৃষ্টিনন্দন নৈপুণ্য এবং অসামান্য অর্জনের কারণে কালো মানিক পেলেকে বর্ণনা করতে কম বিশেষণ ব্যবহার হয়নি। কিন্তু এখন চাইলে পেলের নাম নিয়েই কাউকে অনন্যসাধারণ হিসেবে সম্বোধন করতে পারবেন পর্তুগিজ ভাষাভাষীরা।

ব্রাজিলে মুদ্রিত পর্তুগিজ অভিধান মাইকেলিসে বুধবার (২৬ এপ্রিল) এক লাখ ৬৭ হাজারেরও বেশি শব্দ যোগ করা হয়েছে। এর মধ্যে বিশেষণ হিসেবে যোগ করা হয়েছে ফুটবলের রাজা খ্যাত পেলের নামটি। ফলে এখন থেকে পর্তুগিজ ভাষায় পেলে একটি স্বতন্ত্র শব্দ।

বিশ্বের ২৬৫ মিলিয়ন পর্তুগিজ ভাষাভাষীর জন্য “পেলে” শব্দটি এখন থেকে অসাধারণ কাউকে বোঝাতে ব্যবহার করা যাবে। অভিধানে যুক্ত হওয়ার পর “পেলে” শব্দটিকে অসাধারণ, অতুলনীয় এবং অনন্য হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। ইতোমধ্যে এটি ব্রাজিলে অনানুষ্ঠানিকভাবে চালুও করা হয়েছে। 

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পেলে ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, “যারা কাজের মাধ্যমে নিজেদের সেরা হিসেবে প্রমাণ করেছেন, তাদের কাউকে বোঝানোর জন্য শব্দটি (পেলে) ইতোমধ্যেই ব্যবহৃত হচ্ছে। এটি অভিধানের পাতায় চিরস্থায়ী হয়ে গেছে!”

মাইকেলিস অভিধানের অনলাইন সংস্করণ উদাহরণ হিসেবে “তিনি বাস্কেটবলের পেলে” কিংবা “তিনি ব্রাজিলিয়ান নাটকের পেলে”- এভাবে অনন্যসাধারণ কিছুকে বিশেষায়িত করা হয়েছে। আপাতত শব্দটি শুধুমাত্র মাইকেলিস অভিধানের অনলাইন সংস্করণে অন্তর্ভুক্ত করা হয়েছে। ভবিষ্যতে অভিধানের মুদ্রিত সংস্করণেও শব্দটি যুক্ত হবে।

খেলোয়াড়ি জীবনে ক্লাব ফুটবলের অধিকাংশ সময়টা সান্তোসেই পার করেছিলেন পেলে। স্পোর্টস চ্যানেল স্পোর্টটিভি এবং পেলে ফাউন্ডেশননের সঙ্গে সেই সান্তোসের প্রচারণার ফল হিসেবে কালো মানিকের নামটি পর্তুগিজ অভিধান মাইকেলিসে বিশেষণ হিসেবে স্বীকৃতি পেল।

উল্লেখ্য, একমাত্র খেলোয়াড় হিসেবে তিনবার বিশ্বকাপ জেতা খেলোয়াড় হলেন পেলে। আন্তর্জাতিক ফুটবলের জাতীয় দল ব্রাজিলের জার্সিতে তিনি ৯২ ম্যাচে ৭৭ গোল করেন। স্বদেশি ক্লাব সান্তোসের হয়ে ৬৫৯টি ম্যাচে ৬৪৩ গোল করেছিলেন পেলে। দীর্ঘ ২১ বছরের ক্যারিয়ারে ফুটবলের রাজার গোলসংখ্যা ১,২৮১টি। ক্যান্সারের সঙ্গে লড়াই করে গত বছরের ২৯ ডিসেম্বর ৮২ বছর বয়সে সাও পাওলো একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন পেলে।

   

About

Popular Links

x