Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

রিয়ালকে হারালে হাল্যান্ডের সামনে বড় অঙ্কের বোনাসের হাতছানি

বেতনপ্রাপ্তির দিক থেকে ইংলিশ প্রিমিয়ার লিগে দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী হাল্যান্ড ম্যানসিটির হয়ে প্রথম মৌসুমেই ট্রেবল জয়ের সামনে দাঁড়িয়ে আছেন 

আপডেট : ০৯ মে ২০২৩, ০২:৫৩ পিএম

গত গ্রীষ্মকালীন দলবদলে বরুশিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন আর্লিং হাল্যান্ড। মলদে, রেড বুল সালজবার্গ, বরুশিয়া ডর্টমুন্ড ঘুরে ইংলিশ ক্লাবটির হয়েও হাল্যান্ড একই রকম দুর্বার। ম্যানসিটিতে যোগ দেওয়ার পর থেকেই গোলের ফোয়ারা ছুটিয়ে এ নরওয়েজিয়ান স্ট্রাইকার মেতে উঠেছেন রেকর্ড ভাঙা-গড়ার খেলায়। ইতোমধ্যেই ইংলিশ ফুটবলের দীর্ঘদিন ধরে টিকে থাকা অনেক রেকর্ডই ভেঙে নিজের নামে করে নিয়েছেন ২২ বছর বয়সী এ ফরোয়ার্ড।

বেতনপ্রাপ্তির দিক থেকে ইংলিশ প্রিমিয়ার লিগে দ্বিতীয় সর্বোচ্চ আয় আর্লিং হাল্যান্ডের। ম্যানসিটির হয়ে প্রথম মৌসুমেই ট্রেবল জয়ের সামনে দাঁড়িয়ে আছেন ২২ বছর বয়সী এ স্ট্রাইকার। প্রতিপক্ষের গোলমুখের সামনে হাল্যান্ডের তাণ্ডব অব্যাহত থাকলে এবং ম্যানসিটি লিগ, এফএ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাত্রয়ী জিততে পারলে শুধু বোনাস হিসেবেই ৫০ লাখ পাউন্ডের বেশি আয় করতে পারেন হাল্যান্ড। এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম মিরর।

৩২ ম্যাচ শেষে ৭৬ পয়েন্ট নিয়ে বর্তমানে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে ম্যানচেস্টার সিটি। নিকটতম প্রতিদ্বন্দ্বী আর্সেনালের চেয়ে এক ম্যাচ কম খেলেও সিটিজেনরা প্রিমিয়ার লিগ জয়ের দৌড়ে ভালোমতোই এগিয়ে রয়েছে। আগামী ৩ জুন এফএ কাপের ফাইনালে নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে ম্যানসিটি।

নিজেদের ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জয়ের লক্ষ্যে আগামী ৯ মে সান্তিয়াগো বার্নাব্যুতে প্রতিযোগিতার সেমিফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের মোকাবিলা করবে ম্যানচেস্টার সিটি। পরবর্তীতে আগামী ১৭ মে ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে লস ব্লাঙ্কোসদের আতিথ্য দেবে ইংলিশ ক্লাবটি। রিয়াল বাধা টপকাতে পারলে এসি মিলান কিংবা ইন্টার মিলানকে হারিয়ে ইউরোপের শ্রেষ্ঠত্বের মুকুট পরতে হবে সিটিজেনদের।

ব্রিটিশ সংবাদমাধ্যম সানের তথ্যমতে, পাঁচ মৌসুমের মধ্যে চতুর্থবারের মতো প্রিমিয়ার লিগ ঘরে তুলতে পারলেই ১০ লাখ পাউন্ড বোনাস পকেটে পুরবেন হাল্যান্ড। একই অঙ্কের বোনাস রয়েছে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের ক্ষেত্রেও। এছাড়া, এফএ কাপ জিতলে পাবেন সাড়ে তিন লাখ পাউন্ড। অর্থাৎ দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে ম্যানসিটি ট্রেবল জিতলেই সাড়ে ২৩ লাখ পাউন্ড বোনাস পাবেন হাল্যান্ড।

শুধু দলীয় শিরোপাই না, ব্যক্তিগত অর্জনের মাধ্যমেও বোনাস আয়ের সুযোগ আছে হাল্যান্ডের সামনে। প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা হলেই হাল্যান্ড বোনাস হিসেবে পাবেন সাড়ে ৩ লাখ পাউন্ড। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা থেকে শুরু করে পিএফএ প্লেয়ার অব দ্য ইয়ার, ফুটবল রাইটার্স প্লেয়ার অব দ্য ইয়ার, ব্যালন ডি অর পুরস্কার জিতলে সব মিলিয়ে হাল্যান্ডের প্রাপ্ত বোনাসের অঙ্ক ৫০ লাখ পাউন্ডের ওপরে যেতে পারে। 

২০২২-২৩ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ৫১ গোল করেছেন আর্লিং হাল্যান্ড। এর মধ্যে তিনি প্রিমিয়ার লিগে ৩৪টি, চ্যাম্পিয়ন্স লিগে ১২টি, লিগ কাপে ৩টি ও এফএ কাপে একটি গোল করেছেন। ইতোমধ্যে ম্যানচেস্টার সিটির খেলোয়াড় হিসেবে এক মৌসুমে সর্বোচ্চ গোল এবং প্রিমিয়ার লিগের ফুটবলার হিসেবে একটি নির্দিষ্ট মৌসুমে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড গড়েছেন ম্যানসিটির স্ট্রাইকার।

হাল্যান্ডের সামনে এখন ইংল্যান্ডের শীর্ষ লিগের খেলোয়াড় হিসেবে সব প্রতিযোগিতা মিলিয়ে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ডের হাতছানি রয়েছে। বর্তমানে রেকর্ডটি রয়েছে ডিক্সি ডিনের দখলে। ১৯২৭-২৮ মৌসুমে ৬৩ গোল করেছিলেন এই এভারটন কিংবদন্তি। এছাড়া, প্রিমিয়ার লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলে অবদান রাখায় অ্যান্ডি কোল এবং অ্যালান শিয়ারারের রেকর্ডটাও নিজের করার সুযোগ রয়েছে হাল্যান্ডের সামনে।  

   

About

Popular Links

x