Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাংলাদেশিদের জন্য আর্জেন্টিনায় গিয়ে মেসিদের খেলা দেখার সুযোগ

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে  ব্র্যান্ড পার্টনার  হিসেবে যুক্ত আছে দেশের বৃহত্তম মোবাইল ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান বিকাশ

আপডেট : ০৭ জুন ২০২৩, ০২:২২ পিএম

কাতার বিশ্বকাপ ঘিরে বাংলাদেশে আর্জেন্টাইন ভক্তদের উন্মাদনা পুরো বিশ্বই দেখেছে। এই উন্মাদনায় মুগ্ধতা প্রকাশ করেছিল আর্জেন্টিনা। এ নিয়ে কোচ লিওনেল স্কালোনি ও অধিনায়ক লিওনেল মেসিও কৃতজ্ঞতা জানিয়েছিলেন।

বাংলাদেশের সঙ্গে আরও ঘনিষ্ঠতা বাড়ানোর অংশ হিসেবে গত ৮ মে দেশের বৃহত্তম মোবাইল ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান বিকাশের সঙ্গে ব্র্যান্ড পার্টনারশিপের ঘোষণা দিয়েছিল আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে ব্র্যান্ড পার্টনার হওয়া প্রথম ও একমাত্র বাংলাদেশি প্রতিষ্ঠান বিকাশ।

বাংলাদেশি ভক্তদের কাছ থেকে আর্জেন্টিনা দল যে অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসা পেয়েছে, সেই আবেগ আর প্রত্যাশাকে গুরুত্ব দিয়েই বিশ্বকাপজয়ী দলের সঙ্গে বিকাশের এ ব্র্যান্ড পার্টনারশিপ। দেশের বৃহত্তম মোবাইল ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানটি তখনই ঘোষণা দিয়েছিল, আর্জেন্টাইন ফুটবল তারকাদের সঙ্গে বাংলাদেশের ভক্ত-অনুরাগীদের যোগাযোগ আরও বাড়াতে তারা উদ্যোগ নেবে।

সেই উদ্যোগের অংশ হিসেবেই শুরু হচ্ছে বিকাশের নতুন প্রচারণা, যে প্রচারণার সময় বিকাশে কেনাকাটা করে মিলবে আর্জেন্টিনায় গিয়ে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের ম্যাচ দেখার সুযোগ। বিকাশের একটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৮ জুন) থেকে শুরু হতে যাওয়া এ প্রচারণা আগামী ২৮ জুন পর্যন্ত চলবে। প্রতি সপ্তাহে বিকাশ পেমেন্ট ব্যবহার করে সর্বোচ্চ কেনাকাটা করা ৭ জন করে তিন সপ্তাহে মোট ২১ জন আর্জেন্টিনায় গিয়ে আর্জেন্টিনা জাতীয় দলের খেলা দেখার সুযোগ পাবেন।

প্রচারণায় যে ২১ জন জয়ী হবেন, বিকাশের পক্ষ থেকে তাদের বিমান টিকিট, হোটেলে থাকার খরচ দেওয়া হবে। ফিফা আন্তর্জাতিক সূচি অনুযায়ী আর্জেন্টিনা দল যখন পরবর্তী সময়ে ঘরের মাঠে খেলবে, তখন এই সফরের ব্যবস্থা করা হবে। প্রচারণায় জয়ীদের সঙ্গে বিকাশের পক্ষ থেকে যোগাযোগ করে ম্যাচের তারিখ, প্রতিপক্ষ, ভেন্যুসহ বিস্তারিত সফরসূচি জানিয়ে দেওয়া হবে।

এদিকে, এ মাসে বাংলাদেশ সফরের জন্য আর্জেন্টিনার সঙ্গে আলোচনা করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে মাঠ সংকটের কারণে শেষ পর্যন্ত সেই পথ থেকে সরে এসেছে বাফুফে। তবে জুনে এশিয়া সফরে আসছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

এশিয়া সফরে অস্ট্রেলিয়া এবং ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আগামী ১৫ জুন বেইজিংয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার চারদিন পর স্বাগতিক ইন্দোশিয়ার বিপক্ষে লড়বে আর্জেন্টিনা। কয়েকদিন আগে অস্ট্রেলিয়া এবং ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ সামনে রেখে ২৭ সদস্যের আর্জেন্টিনা দলও ঘোষণা করেন কোচ লিওনেল স্কালোনি।

   

About

Popular Links

x