Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

পলক: বাজপাখি হিসেবে নিজের পরিচয় দিয়ে আনন্দিত মার্টিনেজ

বিশ্বসেরা গোলরক্ষকের পাশাপাশি এমি মার্টিনেজকে দারুণ একজন মানুষ হিসেবে উল্লেখ করেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

আপডেট : ০৩ জুলাই ২০২৩, ০৩:৫৪ পিএম

গোলবারের সামনে গ্লাভস হাতে নিজের ক্ষিপ্রতা এবং অসামান্য নৈপুণ্যের কারণে বাংলাদেশের অধিকাংশ আর্জেন্টিনা সমর্থকের কাছেই বাজপাখি হিসেবে পরিচিত এমিলিয়ানো মার্টিনেজ। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষকেরও সেটি অজানা নয়। তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন, “বাজপাখি” পরিচয় দিতে পেরে মার্টিনেজ বেশ আনন্দিত ও গর্বিত।

গত ডিসেম্বরে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে তিন যুগ পর বিশ্বচ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। দক্ষিণ এশিয়া সফরের অংশ হিসেবে বাংলাদেশে এসেছেন সেই দলের গোলরক্ষক এসেছেন বাংলাদেশে। সোমবার (৩ জুলাই) ভোরে নেদারল্যান্ডসের আমস্টারডাম থেকে ঢাকায় পা রাখেন মার্টিনেজ। যদিও ঢাকা সফরে সাধারণ দর্শকদের জন্য কোনো ইভেন্ট নেই মার্টিনেজের।

বাংলাদেশের প্রতীক হিসেবে এমি মার্টিনেজের হাতে তুলে দেওয়া হচ্ছে নৌকা/সংগৃহীত

বাংলাদেশে এসে জুনাইদ আহমেদ পলকের সঙ্গে আড্ডায় মেতে উঠে নিজের অভিমত ব্যক্ত করেন মার্টিনেজ। আর্জেন্টাইন গোলরক্ষকের প্রতিক্রিয়া জানিয়ে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, “বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকদের ভালোবাসায় মুগ্ধ হয়ে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক বাজপাখি এমিলিয়ানো মার্টিনেজ বাংলাদেশ সফরে এসেছেন।”

বিশ্বসেরা গোলরক্ষকের পাশাপাশি এমি মার্টিনেজকে দারুণ একজন মানুষ হিসেবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, “বাংলাদেশের মানুষের ভালোবাসার নাম বাজপাখি হিসেবে নিজেকে পরিচয় দিয়ে তিনি খুব আনন্দিত ও গর্বিত। তিনি আবারও বাংলাদেশে আসতে চান, বাংলাদেশের সঙ্গে ফুটবল খেলতে চান এবং বাংলাদেশের মানুষের সঙ্গে সময় কাটাতে চান।”

এমি মার্টিনেজের হাতে তুলে দেওয়া হয় বঙ্গবন্ধুর বইও/সংগৃহীত

এমিলিয়ানো মার্টিনেজের ঢাকা সফরের আয়োজন করেছে নেক্সট ভেঞ্চার্স। প্রতিষ্ঠানটি আর্জেন্টাইন গোলরক্ষককে বাজপাখি উপহার দিয়েছে। সেই সঙ্গে দেওয়া হয়েছে দেশের ইতিহাস ও ঐতিহ্যের প্রতীকও। পাশাপাশি নদীমাতৃক দেশ নৌকা ও বঙ্গবন্ধুর বইও কাতার বিশ্বকাপের গোল্ডেন গ্লাভস জয়ী গোলরক্ষকের হাতে তুলে দেওয়া হয়।

১১ ঘণ্টার ঢাকা সফরে বিমানবন্দর থেকে হোটেলে গিয়ে বিশ্রাম নিয়ে নেক্সট ভেঞ্চার্স কার্যালয়ে যান এমিলিয়ানো মার্টিনেজ। সেখানে কিছুক্ষণ অবস্থান করে মার্টিনেজ গণভবনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে। সাক্ষাৎ শেষে তিনি বিমানবন্দরে যাবেন। সোমবার বিকেলেই কলকাতার উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে মার্টিনেজের।

   

About

Popular Links

x