Wednesday, September 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

‘সৌদি বসন্ত’ থামিয়ে দিলো পোল্যান্ড

এই হারের পরেও ৩ পয়েন্ট নিয়ে “সি” গ্রুপের দ্বিতীয় স্থানে সৌদি আরব, এমনকি নক-আউট পর্বে খেলার সুযোগও বাঁচিয়ে রেখেছে তারা

আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ০৯:২১ পিএম

বিশ্বকাপের প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে বড় অঘটনের জন্ম দিয়েছিল সৌদি আরব। জয়োল্লাসে মেতে উঠেছিল পুরো আরব জাতি। তবে সেই উল্লাস থেমে গেল পরের ম্যাচেই। “সৌদি বসন্ত”কে আপাতত অতীত বানিয়ে দিল পোল্যান্ড।

এডুকেশন সিটি স্টেডিয়ামে শনিবার বিশ্বকাপের “সি” গ্রুপের ম্যাচের প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে যায় পোল্যান্ড।

ম্যাচের ১৩ মিনিটে প্রথম সুযোগ তৈরি করেছিল সৌদি আরব। ডি-বক্সে সতীর্থের পাস পেয়ে জোরাল শট নেন মোহামেদ কাননো। কিন্তু এক হাতে বল ক্রসবারের ওপর দিয়ে পাঠান গোলরক্ষক ভয়চেখ স্ট্যাসনি।

এরপর ২৭ মিনিটে কর্নার থেকে পাল্টা সুযোগ পায় পোল্যান্ড। তবে সেটি হেড করে বিপদমুক্ত করেন সৌদি আরবের সালেহ আল-শেহরি।

কিন্তু ৩৯ মিনিটে পিওতর জেলিনস্কির গোলে এগিয়ে যায় পোল্যান্ড।

এর কিছুক্ষণ পরেই ডি-বক্সে পোল্যান্ডের বেইলিকের পায়ে লেগে সৌদি আরবের আল-শেহরি পড়ে গেলে ভিএআরের সাহায্যে পেনাল্টি বাঁশি বাজান রেফারি।

তবে সেই সুযোগে গোল করতে পারেনি সৌদির সেলিম আল-দাওসারি। তার শট ঠেকিয়ে দেন স্ট্যাসনি। এরপর ফের শট নিয়েও বল ক্রসবারের ওপর দিয়ে পাঠান মোহাম্মেদ আল-বুরাইক।

এক গোলে পিছিয়ে থেকেই প্রথমার্ধের বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোল শোধের চেষ্টা চালাতে থাকে হার্ভে রেনার্দের শিষ্যরা। এরপর দুইবার সুযোগ করলেও ব্যর্থ হয় সৌদি।

এরপরে সৌদি ডিফেন্ডার আল মালকির পা থেকে বল কেড়ে নিয়ে দ্বিতীয় গোলটি করেন পোল্যান্ডের অধিনায়ক লেভানডোভস্কি। এতে ২-০ তে এগিয়ে যায় পোলিশরা।

৯০ মিনিটে আরেকটি সুযোগ পেলেও সৌদি গোলরক্ষক সেটি রুখে দেন। কিন্তু ৯০ মিনিট ও বাড়তি সময়ে আর গোলের দেখা পায়নি আগের ম্যাচে আর্জেন্টিনাকে হারানো দলটি।

এই হারের পরেও ৩ পয়েন্ট নিয়ে “সি” গ্রুপের দ্বিতীয় স্থানে সৌদি আরব। এমনকি নক-আউট পর্বে খেলার সুযোগও বাঁচিয়ে রেখেছে তারা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে সৌদির প্রতিপক্ষ মেক্সিকো।

অপরদিকে ম্যাচ জিতে ৪ পয়েন্ট নিয়ে “সি” গ্রুপের শীর্ষ অবস্থানে পোল্যান্ড। তাদের শেষ ম্যাচে প্রতিপক্ষ আর্জেন্টিনা।

   

About

Popular Links

x