কাতারের দোহায় বুধবার (৩০ নভেম্বর) রাতে আর্জেন্টিনা-পোল্যান্ড ম্যাচে “পেনাল্টি দেওয়া, না-দেওয়ার” সিদ্ধান্ত নিয়ে লিওনেল মেসির সঙ্গে বাজি ধরেছিলেন পোল্যান্ডের গোলকিপার ভয়চেক সেজনি। নরওয়ের এক টিভি চ্যানেলকে ম্যাচ শেষে পোলিশ গোলকিপার নিজেই এ কথা জানিয়েছেন।
সেই সিদ্ধান্ত অবশ্য মেসির পক্ষেই এসেছে। ম্যাচের ৩৯ মিনিটে দারুণ থ্রু বল নিয়ে পোলিশ রক্ষণে ঢুকে পড়েছিলেন ইউলিয়ান আলভারেজ। কিন্তু পোল্যান্ডের ত্রাতা হয়ে গোল ঠেকিয়ে দেন সেজনি। আর আর্জেন্টিনার সেই আক্রমণে সেজনির ফাউলের শিকার হন মেসি।
সেজনির বাঁ হাত মেসির মুখে লেগেছে। হেড দেওয়া থেকে মাটিতে পরে যান মেসি। রেফারি ড্যানি ম্যাকেলি শুরুতে পাত্তা না দিলেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি প্রযুক্তি (ভিএআর) জানিয়ে দেয় এটি পেনাল্টি। অবশ্য এই পেনাল্টি শট মিস করেন মেসি। বল সেজনিকে ভেদ করে গোলবারের জাল স্পর্শ করতে পারেনি।
সেজনি জানিয়েছেন, পেনাল্টির সিদ্ধান্ত নিতে রেফারি ম্যাকেলি যখন মাঠের পাশে মনিটরে ঘটনাটির ভিডিও রিপ্লে দেখছিলেন, তখন মেসির সঙ্গে কথা বলেন তিনি। তখন মেসির সঙ্গে ১০০ ইউরো বাজি ধরেন তিনি।
ওই বাজিতে হেরে এখন কৌতুহল হতেই পারে সেই টাকাটা কি মেসিকে দেবেন সেজনি। এ বিষয়েও সেজনি কথা বলেছেন। তিনি বলেছেন, “মেসির সঙ্গে তো বাজিতে হেরে গেছি। জানি না বিশ্বকাপে এসব বৈধ কি-না। তারা হয়তো আমাকে শাস্তিও দিতে পারে। তবে এটা নিয়ে ভাবছি না। আমি মেসিকে টাকাটা দেব না। আমার মনে হয় না সে ১০০ ইউরোর জন্য দুশ্চিন্তা করবে। তার পর্যাপ্ত টাকাপয়সা আছে।”
সেজনি কাতার বিশ্বকাপে এ পর্যন্ত দুটি পেনাল্টি সেভ করলেন। সৌদি আরবের বিপক্ষে পেনাল্টি সেভের পর মেসিকেও রুখে দিলেন এই গোলকিপার। এক বিশ্বকাপে দুটি পেনাল্টি সেভ করা চতুর্থ গোলকিপার সেজনি।
এর আগে পোল্যান্ডেরই সাবেক গোলকিপার ইয়ান টমাসেজস্কি (১৯৭৪), যুক্তরাষ্ট্রের সাবেক গোলকিপার ব্রাড ফ্রিডেল (২০০২), স্পেনের সাবেক গোলকিপার ইকার ক্যাসিয়াস (২০০২, ২০১০) বিশ্বকাপের এক টুর্নামেন্টে দুটি করে পেনাল্টি সেভ করেছিলেন।



