পোল্যান্ডে অনুষ্ঠিত একটি প্রতিযোগিতায় ইসরাইলি ভারোত্তলক মাকসিম সোভিরস্কির সঙ্গে হাত মিলিয়ে নিজ দেশের ফেডারেশন কর্তৃক আজীন নিষিদ্ধ হয়েছেন ইরানিয়ান ভারোত্তলক মোস্তফা রাজেই।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক টেলিভিশন চ্যানেল সিএনএন’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
পোল্যান্ডে অনুষ্ঠিত ওয়ার্ল্ড মাস্টার্স চ্যাম্পিয়নশিপে শনিবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পোডিয়ামে দাঁড়িয়ে থাকার সময় ৪০ বছর বয়সী রাজেই সোভিরস্কির সঙ্গে হাত মেলান।
ইরানের জাতীয় সংবাদ সংস্থা আইআরএনএ প্রকাশিত এক বিবৃতিতে দেশটির ভারোত্তোলন ফেডারেশন বলেছে, “দেশের ক্রীড়া ক্ষেত্রে সব ধরনের সুযোগ সুবিধা থেকে মোস্তফা রাজেইকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে।”
উল্লেখ্য, ইসরাইলের সঙ্গে ইরানের কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক নেই। যে কারণে দুই দেশের ক্রীড়াবিদদের মধ্যে সব ধরনের যোগাযোগের ব্যাপারেও নিষেধাজ্ঞা রয়েছে।
২০১৫ সালে থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে ইরানিয়ান জাতীয় দলকে প্রতিনিধিত্ব করেছিলেন রাজেই।



