গত মাসের শুরুর দিকে অ্যান্টনির বিরুদ্ধে প্রাক্তন প্রেমিকাকে নির্যাতনের অভিযোগ উঠেছিল। এ কারণে ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপপর্বের দল থেকেও বাদ পড়েছিলেন এ তরুণ ফুটবলার। যদিও বরাবরই প্রাক্তন প্রেমিকাকে নির্যাতনের অস্বীকার করে আসছিলেন তরুণ এ উইঙ্গার।
সম্প্রতি ক্লাব ফুটবলে ম্যানচেস্টার ইউনাইটেডের দলীয় অনুশীলনে ফেরেন অ্যান্টনি। সেই সঙ্গে নীরবতা ভেঙেছেন তরুণ এ উইঙ্গারের প্রাক্তন প্রেমিকাও।
গত ৪ সেপ্টেম্বর অ্যান্টনির প্রাক্তন প্রেমিকা গ্যাব্রিয়েলা কাভালিনের অভিযোগের ভিত্তিতে ব্রাজিলের সংবাদমাধ্যম ইউওএলে একটি নির্যাতনের সংবাদ প্রকাশিত হয়। সেখানে কাভালিন অভিযোগ করেন, গত বছরের জুন এবং এ বছরের মে মাসে তাকে একাধিকবার নির্যাতন করেন অ্যান্টনি।
ম্যানচেস্টার ইউনাইটেড থেকে প্রাপ্ত ছুটির মেয়াদ শেষের পর দলীয় অনুশীলনে ফেরার অনুমতি পেয়েছেন অ্যান্টনি। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয় ম্যানচেস্টারের পুলিশের সঙ্গে কথা বলেছিলেন ২৪ বছর বয়সী এ ব্রাজিলিয়ান। পাশাপাশি কাভালিনও এ বিষয় তার বক্তব্য রেখেছেন।
কাভালিনের পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “ম্যানচেস্টার এবং ব্রাজিলিয়ান পুলিশ এখনো অ্যান্টনির বিরুদ্ধে গ্যাব্রিয়েলা কাভালিনের আনা অভিযোগ তদন্ত করছে। তাই আমরা বিশ্বাস করি, শিগগিরই তাকে (অ্যান্টনি) আদালতে পাঠানো হবে এবং বিচারের মুখোমুখি করা হবে। দলীয় অনুশীলনে তাকে ফেরানোর মাধ্যমে বিভ্রান্তি তৈরি করা হবে বলে আমাদের ধারণা।”
দলীয় অনুশীলনে ফিরলেও শনিবার (৩০ সেপ্টেম্বর) ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ০-১ গোলে পরাজিত হওয়া ম্যাচে স্কোয়াডে ছিলেন না অ্যান্টনি।
অ্যান্টনির প্রসঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ এরিক টেন হ্যাগ বলেন, “ইতোমধ্যেই ক্লাবের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে। সেখানেই পরিষ্কারভাবে সব বলা হয়েছে। আমার মনে হয় না এসবে (অভিযোগ) কোনো বিভ্রান্তি সৃষ্টি হয়। আমরা শুধু মাঠের খেলা নিয়ে ভাবছি। সেও (অ্যান্টনি) সেটাই করছে। শনিবার সে অনুশীলনে ফিরবে। আগামীকাল আমরা তার ব্যাপারে আবার পর্যবেক্ষণ করব, তবে আমার ধারণা সে ঠিক আছে।”



