বেশকিছু দিন ধরে গোলের দেখা পাচ্ছিলেন না আর্লি হাল্যান্ড। অবশেষে সেই খরা ঘুচল।
বুধবার (২৫ অক্টোবর) রাতে সেই খরা কাটিয়ে উঠলেন এই নরওয়েজিয়ান স্ট্রাইকার। চ্যাম্পিয়ন্স লিগে ইয়ং বয়জের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে জোড়া গোল করেছেন তিনি। তার দল ম্যানসিটি জিতেছে ৩-১ গোলে। এ জয়ে “জি” গ্রুপে তিন ম্যাচ খেলে সবকটি জিতে ম্যানচেস্টার সিটির অবস্থান শীর্ষে।
বুধবার রাতে আরও একটি রেকর্ড নিজের করে নিয়েছেন হাল্যান্ড। কিলিয়ান এম্বাপ্পের দখলে থাকা সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে ৩৭ গোলের কীর্তি এখন হাল্যান্ডের। ২৩ বছর ৯৬ দিনে মাত্র ৩৩ ম্যাচে তিনি এই কীর্তি গড়লেন।
স্কোরশিট দেখে ম্যানচেস্টার সিটির জয়টা সহজ মনে হলেও ইয়ং বয়জ সমানে লড়েছে। ৬৭ মিনিটে হাল্যান্ড পেনাল্টি থেকে গোল করার আগ পর্যন্ত স্বাগতিকরা ১-১ গোলে সমতা ধরে রেখেছিল। রদ্রি বক্সের মধ্যে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় ম্যানসিটি। হাল্যান্ড পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি। চ্যাম্পিয়ন্স লিগের সর্বশেষ ছয় ম্যাচে এটি ছিল হাল্যান্ডের প্রথম গোল।
ম্যানসিটি দ্বিতীয় গোল পায় ৮৬ মিনিটে। অসাধারণ এক গোল করে হাল্যান্ড দলের জয় নিশ্চিত করেন। প্রথমার্ধ গোল শূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যানসিটি গোল পায়। বিরতির পরপরই ম্যানুয়েল আকাঞ্জি গোল করে দলকে এগিয়ে নেন। অবশ্য প্রথমার্ধে ম্যানসিটি একাধিক সুযোগ নষ্ট করে। খুব বেশি সময় ম্যানসিটি প্রথম গোল ধরে রাখতে পারেনি। চার মিনিট ব্যবধানে সমতা ফেরায় ইয়ং বয়জ।
শেষ দিকে ম্যানসিটির হুলিয়ান আলভারেজের করা গোল ভিএআর দেখে বাতিল করে দেন রেফারি।
তিন ম্যাচ থেকে ম্যানসিটির পয়েন্ট ৯। ইয়ং বয়জের পয়েন্ট ১।



