বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন জার্মান গোলকিপার ম্যানুয়েল নয়্যার।
বুধবার (২৯ নভেম্বর) বায়ার্নের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর মাধ্যমে ৩৭ বছর বয়সী নয়্যারের ভবিষ্যত নিয়ে শঙ্কার অবসান হলো।
এক বিবৃতিতে নয়্যার বলেছেন, ‘‘এই ক্লাবে আমি দারুণ স্বাচ্ছন্দ্য অনুভব করি, ঠিক আমার বাড়ির মতই। ভবিষ্যতে আরো কিছুদিন থাকতে পেরে আমি দারুন খুশি। ইনজুরির কারণে লম্বা সময় মাঠের বাইরে ছিলাম। এখন আমি সম্পূর্ণ ছন্দে রয়েছি।’’
বায়ার্ন বোর্ড সদস্য হাসান সালিহামিডজিক বলেন, ‘‘আমরা খুব খুশি ম্যানুয়েল নিউয়ার তার চুক্তি ২০২৫ সাল পর্যন্ত বাড়িয়েছেন। সে ২০১১ সাল থেকে বায়ার্নে রয়েছেন। সে আমাদের অধিনায়ক। বহু বছর ধরে বিশ্বের সেরা গোলরক্ষক। তার হাত ধরে আমরা আগামী বছরগুলোতে সমস্ত প্রতিযোগিতায় সাফল্য পেতে চাই।’’
২০১৪ সালে জার্মানির হয়ে বিশ্বকাপ বিজয়ী নয়্যার ২০১১ সালে শালকে থেকে বায়ার্নে যোগ দিয়েছিলেন। দীর্ঘ সময়ে বেভারিয়ান্স জায়ান্টদের হয়ে তিনি সম্ভাব্য সবকিছুই জয় করেছেন। এর মধ্যে রয়েছে ১১ বার বুন্দেসলিগা, ও দুবার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করেছেন তিনি।



