Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ফিফার বর্ষসেরা হওয়ার দৌড়ে মেসি-হাল্যান্ড-এমবাপে

সর্বশেষ ২০২২ সালেও এই পুরস্কার পেয়েছিলেন লিওনেল মেসি

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ১০:৩৮ পিএম

ফিফার বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। এতে জায়গা পেয়েছেন ৩৬ বছর বয়সী আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি, নরওয়ে ও ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার আর্লিং হাল্যান্ড এবং ফরাসি তারকা কিলিয়ান এমবাপে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ফিফার ওয়েবসাইটে ২০২৩ সালের “দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার” পুরস্কারে মনোনীতদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়।

ফিফা জানিয়েছে, এই তিনজনের মধ্য থেকে লন্ডনে আগামী ১৫ জানুয়ারি “দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস” অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হবে। সেরা খেলোয়াড় নির্বাচনে ২০২২ সালের ১৯ ডিসেম্বর থেকে ২০২৩ সালের ২০ আগস্ট পর্যন্ত সময়ের পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে।

গত সেপ্টেম্বরে ফিফার বিশেষজ্ঞ প্যানেল ১২ জনের তালিকা দিয়েছিল। তাদের মধ্য থেকে তিনজনের সংক্ষিপ্ত তালিকা করা হয়। ফিফার ওয়েবসাইটে জাতীয় দলের কোচ, অধিনায়ক, ফুটবল সাংবাদিক ও সমর্থকদের দেওয়া ভোটে ফিফার এ সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত হয়।

২০১৬ সাল থেকে ফিফা বর্ষসেরা পুরুষ ও নারী খেলোয়াড় এবং কোচদের পুরস্কারের প্রচলন করে আসছে। এখন পর্যন্ত সর্বোচ্চ দুইবার করে ফিফার বর্ষসেরার পুরস্কার পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো, রবার্ট লেভানডোভস্কি এবং লিওনেল মেসি। গেল বছরে এই পুরস্কার পেয়েছিলেন মেসি।

   

About

Popular Links

x