চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের দশম আসর। এই আসরে সিলেট স্ট্রাইকার্সের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। তবে তার নেতৃত্বে খুব একটা সুবিধা করতে পারেনি সিলেট দল। নিজেদের প্রথম পাঁচ ম্যাচের সবকটিতেই হেরেছে সিলেট স্ট্রাইকার্স। উল্লেখযোগ্য কোনো পারফরম্যান্স দেখাতে পারেননি মাশরাফী নিজেও। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হয়েছে সমালোচনা। তবে সিলেট স্ট্রাইকার্স কর্তৃপক্ষ সবসময় মাশরাফীর পক্ষে জোরোলো অবস্থান নিয়েছে।
এদিকে, দ্বাদশ জাতীয় সংসদের হুইপ মনোনীত হয়েছেন নড়াইল-২ আসনের মাশরাফী বিন মোর্ত্তজা। তাই বেড়েছে রাজনৈতিক দায়িত্বও। যদিও বিপিএলের খেলাকে প্রাধান্য দিয়ে সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিন সংসদে উপস্থিত ছিলেন তিনি।
তবে এবার তিনি মনোযোগী হতে যাচ্ছেন নিজের নতুন সংসদীয় দায়িত্বে। আর তাই বিপিএলের চলমান আসর থেকে সাময়িক বিরতিতে যাচ্ছেন সিলেট স্ট্রাইকার্স অধিনায়ক।
বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে সিলেট স্ট্রাইকার্সের পক্ষ থেকে বিবৃতির মাধ্যমে মাশরাফীর বিপিএল ছাড়ার বিষয়টি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা দশম বিপিএল থেকে বিরতি নিচ্ছেন। দ্বাদশ জাতীয় সংসদে হুইপের দায়িত্বে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যদি রাজনৈতিক ব্যস্ততা কমে তাহলে চলতি মৌসুমে স্ট্রাইকার্সের হয়ে আবারও মাঠে ফিরবেন মাশরাফী। তার পরিবর্তে দলের সহ-অধিনায়ক মোহাম্মদ মিঠুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।
বিবৃতিতে মাশরাফীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলা হয়েছে। এতে বলা হয়, এখন পর্যন্ত দলের সঙ্গে থেকে তিনি যেভাবে প্রতিশ্রুতি রক্ষা করেছেন, তাতে সিলেট স্ট্রাইকার্স ফ্র্যাঞ্চাইজি কৃতজ্ঞ। তিনি যখনই সক্ষম হবেন তখনই দলের সঙ্গে যোগ দেবেন। সেজন্য আমরা উন্মুখ হয়ে থাকব।



