মৌসুম শেষে থমাস টুখেলের সঙ্গে আর সম্পর্ক থাকছে না বলে জানিয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ। বুন্দেসলিগায় সবশেষ তিন ম্যাচে হার ও শীর্ষে থাকা লেভারকুসেনের চেয়ে ৮ পয়েন্টে পিছিয়ে থাকার কারণে গুঞ্জন ছিল শেষ হতে পারে টুখেল অধ্যায়। সেটি সত্যিও হলো।
এক বিবৃতিতে বায়ার্ন জানিয়ে দিয়েছে, বিচ্ছেদ ঘটছে। যদিও এখনই নয়। মৌসুম শেষে আর চুক্তি নবায়ন হবে না দুই পক্ষের।
টুখেলের সঙ্গে আলোচনার পর বায়ার্নের সিইও জান-ক্রিশ্চিয়ান ড্রেসেন বলেছেন, ‘‘পারস্পরিক চুক্তির মাধ্যমে গ্রীষ্মে আমরা আমাদের চুক্তির মেয়াদ শেষ করছি।’’
টুখেলের সঙ্গে বায়ার্নের বর্তমান চুক্তির মেয়াদ ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত। তবে এখন সেটি শেষ হচ্ছে ২০২৪ সালের ৩০ জুন।
টুখেল বলেন, ‘‘সর্বোচ্চ সাফল্য অর্জনে আমি ও আমার কোচিং স্টাফরা শেষ দিন পর্যন্ত চেষ্টা চালিয়ে যাব।’’
ড্রেসেন বলেন, ‘‘বায়ার্ন আগামী মৌসুমে ভিন্ন কোচের অধীনে একটি তুন ফুটবল দিকনির্দেশনা খুঁজবে।’’
লিগের প্রতিদ্বন্দ্বী বায়ার লেভারকুসেনের কাছে ৩-০ গোলে হেরে যায় বায়ার্ন। এছাড়াও টানা তিন ম্যাচে হারের স্বাদ নিতে হয়েছে জার্মান চ্যাম্পিয়নদের। মৌসুমে ১২ ম্যাচ বাকি আছে। জাবি আলোনসোর দল থেকে আট পয়েন্ট পিছিয়ে বায়ার্ন।
এবার জার্মান কাপ থেকেও ছিটকে পড়েছে জার্মানির সবচেয়ে সফল ক্লাবটি।
২০১৯-২০ ও ২০২০-২১ মৌসুমে হ্যান্সি ফ্লিকের বায়ার্ন যে রেকর্ড গড়েছিল সেই ধারায় নতুন নাম লেভারকুসেন। সব ধরণের খেলায় ৩২ ম্যাচে অপরাজিত তারা।
লেভারকুসেনের কাছে হারের পর বায়ার্ন চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ ১৬তে ইতালীয় দল লাজিওর বিপক্ষে ১-০ গোলে ও লীগে নিম্নতম বোচুমের কাছে ৩-২ ব্যবধানে হেরে যায়।
যাইহোক দলের এই শোচনীয় অবস্থার মধ্যে বায়ার্নের বুন্দেসলিগা শিরোপা জয়ের সম্ভাবনা অতটা বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেছেন টুখেল।
জানা যাচ্ছিল, বায়ার্নের কর্তাব্যক্তিরা টুখেলের পারফরম্যান্স নিয়ে একেবারেই সন্তুষ্ট নন। তবে এই খবর সামনে আসার পর নিজের ভাগ্য বদলানোর জন্য বিশেষ কিছু করতে পারেননি টুখেল।
ড্রেসেন বলেন, ‘‘নতুন কোচের আগ পর্যন্ত ক্লাবের প্রতিটি ব্যক্তি চ্যাম্পিয়ন্স লিগ ও বুন্দেসলিগায় সর্বোচ্চ সাফল্য অর্জনে বদ্ধপরিকর।’’
পরবর্তী ম্যাচে শনিবার আরবি লাইপজিগের বিপক্ষে নামবে বায়ার্ন। আর মিউনিখে লাজিওর বিপক্ষে ফিরতি ম্যাচটি হবে ৫ মার্চ।
ড্রেসেন বলেন, ‘‘আমরা নিশ্চিত ভরা অ্যালিয়াঞ্জ অ্যারেনায় আমাদের সমর্থকদের নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার-ফাইনালে পৌঁছতে পারবো।’’
এরমধ্য দিয়ে পূর্বসূরি জুলিয়ান নাগেলসম্যানের মতো একই পরিণতি ভোগ করতে যাচ্ছেন টুখেল। গত বছরের মার্চে দলের অবস্থা নিম্নমুখী হওয়ায় বরখাস্ত হয়েছিলেন তিনি।
২০২২ সালের শেষ দিকে চেলসি থেকে বরখাস্ত হওয়ার পর টুখেলকে দলে আনেন বায়ার্ন কর্তারা।
বরুসিয়া ডর্টমুন্ড ও প্যারিস সেন্ট জার্মেইর সাবেক প্রধান তখন বলেছিলেন, ‘‘আমি সম্পূর্ণভাবে বিস্মিত হয়েছিলাম। সময়টি আশ্চর্যজনক ছিল।’’
ওই সময় মৌসুম বাঁচাতে ও ইউরোপের সব লিগে প্রতিদ্বন্দ্বিতা করতে স্বল্প সময় পেয়েছিলেন টুখেল।
ফ্রেইবার্গের কাছে হেরে ঘরোয়া কাপ থেকে বিদায় নেওয়ার আগে লিগে ডেবিউতে ডর্টমুন্ডকে ৪-২ গোলে পরাজিত করে তার মেয়াদ শুরু হয়েছিল।
পরবর্তীতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে ম্যানচেস্টার সিটির কাছে হেরে ছিটকে পড়ে ও লিগ মৌসুমের শেষের দিকে বাজে খেলার কারণে ওই মৌসুম অতটাও ভালো যায়নি বায়ার্নের।
এদিকে স্কাই স্পোর্টস জানিয়েছে, আগামী মৌসুমে নতুন কোচ হিসেবে সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড কোচ ওলে গুনার সুলশার কিংবা সাবেক রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদানকে আনার কথা ভাবছে বায়ার্ন।



