Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বার্নাব্যুতে ছয় গোলের রোমাঞ্চ, রিয়াল-সিটি সমানে সমান

মূল লড়াইটা তোলা রইল দ্বিতীয় লেগের জন্য

আপডেট : ১০ এপ্রিল ২০২৪, ০৩:২৪ এএম

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে খেলতে নেমেছিল দুই দল। ভেন্যু রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে। তারকাঠাসা ম্যানচেস্টার সিটি কাগজে-কলমে এগিয়ে থাকলেও লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। কেউ জেতেনি, হারেওনি কেউ। ৩-৩ গোলের ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে দু’পক্ষকেই।

ম্যাচের একেবারে প্রথম মিনিটে ডি-বক্সের সামান্য বাইরে সুবিধাজনক জায়গায় ফ্রি কিক পেয়ে যায় ম্যানসিটি। অরেলিয়ে চুয়ামেনির বিপজ্জনক ট্যাকল থেকে পাওয়া ফ্রি কিক থেকে গোল করে দলকে এগিয়ে সিটি ফরোয়ার্ড বার্নার্ডো সিলভা।

শুরুতেই পিছিয়ে পড়া রিয়াল মাদ্রিদ মরিয়া হয়ে খেলে ম্যাচের দ্বাদশ মিনিটে ঘুরে দাঁড়ায়। এদুয়ার্দো কামাভিঙ্গার জোরালো শট সিটি ডিফেন্ডার রুবেন ডিয়াসের গায়ে লেগে খুঁজে নেয় গোলমুখ। মাত্র দুই মিনিটের ব্যবধানে ভিনিসিয়াস জুনিয়রের বাড়ানো বল থেকে গোল করে দলকে এগিয়ে নেন মাদ্রিদ উইঙ্গার রদ্রিগো।

২-১ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে মাদ্রিদকে চেপে ধরে গার্দিওলার শিষ্যরা। জন স্টোনসের বাড়ানো বলে ডি বক্সের বাইরে থেকে চোখ ধাঁধানো শট নিয়ে গোল করেন সিটির মাঝমাঠের প্রাণভোমরা ফিল ফোডেন। ২-২ গোলের সমতা আসে ম্যাচে। এরপরেও কমেনি তাদের আক্রমণের ধার। মাদ্রিদের ঝিমিয়ে পড়া রক্ষণভাগে শক্ত ঝাঁকুনি দেন ভার্দিওল। জ্যাক গ্রিলিশের পাস থেকে ডি বক্সের বাইরে থেকেই ক্ষিপ্র গতির শটে বল জড়ান জালে। ২-৩ গোলে এগিয়ে যায় গত মৌসুমের ইউরোপ চ্যাম্পিয়নরা।

৭৯ মিনিটে ভিনিসিয়াসের ক্রস থেকে নিখুঁত শটে বল জালে পাঠান ফেডেরিকো ভালভার্দে। তার বিদ্যুৎগতির শট থেকে আসা গোলেই শেষ পর্যন্ত স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে মাদ্রিদ।

ম্যাচের শেষদিকে অবশ্য বেশকিছু পরিবর্তন আনেন মাদ্রিদ কোচ কার্লো অ্যানচেলত্তি। রদ্রিগোকে তুলে নামান ব্রাহিম ডিয়াজকে, মদ্রিচ নামেন ক্রুসের বদলি হিসেবে। মদ্রিচের আগমন খেলায় ফেরায় রিয়ালকে, মাঝমাঠে নিয়ন্ত্রণ ফিরে পায় লস ব্ল্যাকোসরা। আর ব্রাহিম তার স্বভাবসুলভ ঝলক দেখানোর চেষ্টা করেও সফল হননি। গোলের দেখা পাননি ভিনির বদলি নামা হোসেলুও।

   

About

Popular Links

x