Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

স্লোভাকিয়াকে কাঁদিয়ে শেষ আটে ইংল্যান্ড

প্রথমবার কোয়ার্টার ফাইনালে ওঠার সুযোগ হাতছাড়া হওয়ায় কেঁদে বিদায় নিয়েছে ফ্রান্সেস্কো কালসোনার শিষ্যরা

আপডেট : ০১ জুলাই ২০২৪, ০৯:২১ এএম

বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়ে চমক জাগিয়ে ইউরো শুরু করা স্লোভাকিয়া নকআউট পর্বে পেয়েছিল গতবারের রানার্স-আপ ইংল্যান্ডকে। শক্তিশালী ইংলিশদেরও প্রায় হারিয়েই দিয়েছিল তারা। তবে তাদের স্বপ্নযাত্রা ম্লান হয়েছে জুড বেলিংহ্যামের একেবারে শেষ মুহূর্তে গোলে।

রবিবার (৩০ জুন) রাতে জার্মানির পশ্চিমের শহর গেলসেনকির্খেনে শেষ ষোলোর ম্যাচটি ২-১ গোলে জিতেছে ইংল্যান্ড।

প্রথমার্ধে ইভান শারাঞ্জ স্লোভাকিয়াকে এগিয়ে নেওয়ার পর ইংল্যান্ডকে নির্ধারিত নব্বই মিনিটের পর যোগ করা অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে সমতায় ফেরান জুড বেলিংহ্যাম। এরপর ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ালে পঞ্চম মিনিটেই জয়সূচক গোলটি করে দলকে কোয়ার্টার ফাইনালে তোলেন হ্যারি কেইন। ফলে সামন্যের জন্য প্রথমবার কোয়ার্টার ফাইনালে ওঠার সুযোগ হাতছাড়া হওয়ায় কেঁদে বিদায় নিয়েছে ফ্রান্সেস্কো কালসোনার শিষ্যরা।

পুরো ম্যাচজুড়ে বল দখলের লড়াইয়ে পিছিয়ে থাকলেও গোলে শট নেওয়ায় ইংল্যান্ডকে প্রায় সমানে টক্কর দিয়েছে স্লোভাকিয়া। ইংলিশদের ১৬টি শটের বিপরীতে তারা গোলে শট নেয় ১৩টি, যার মধ্যে ইংল্যান্ডের মাত্র দুটি শট লক্ষ্যে থাকলেও তাদের ছিল তিনটি।

এদিন শুরু থেকেই স্লোভাকিয়াকে চেপে ধরে ইংল্যান্ড। তবে কোনোভাবেই গোলের দেখা মিলছিল না তাদের। এরই মধ্যে ধারার বিপরীতে গোল পেয়ে যায় স্লোভাকিয়া। খেলার ২৫তম মিনিটে দলকে এগিয়ে নেন স্লোভাকিয়ান উইঙ্গার ইভান শারাঞ্জ। দুই সতীর্থের পা ঘুরে ডি বক্সের বাইরে বল পান দাভিদ স্ত্রেলেক। তিনি বক্সের মধ্যে পাস বাড়ালে প্রতিপক্ষের চ্যালেঞ্জ এড়িয়ে ইংলিশ গোলরক্ষক জর্ডান পিকফোর্ডকে পরাস্ত করেন শারাঞ্জ। ফলে টুর্নামেন্ট-সর্বোচ্চ ৩ গোল নিয়ে জর্জিয়ার জর্জেস মিকাউতাদজে ও জার্মানির জামাল মুসিয়ালার পাশে বসেন তিনি।

এরপর আক্রমণে ধার বাড়িয়েও কাজের কাজ করতে ব্যর্থ হয় ইংল্যান্ড। ফলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় গ্যারেথ সাউথগেটের শিষ্যরা। প্রথমার্ধে ৭৭ শতাংশ সময় পজেশন ধরে রেখে গোলের জন্য ৬টি শট নেয় ইংল্যান্ড, কিন্তু সেগুলোর একটিও লক্ষ্যে রাখতে পারেনি তারা। তবে স্লোভাকিয়ার ৪ শটের একটি ছিল লক্ষ্যে, সেটি থেকেই সফলতা পায় তারা।

অবিশ্বাস্যভাবে হেরে ম্যাচ শেষে ভেঙে পড়েন স্লোভাকিয়ার খেলোয়াড়রা/সংগৃহীত

দ্বিতীয়ার্ধের শুরু থেকে গুছিয়ে খেলতে শুরু করে হ্যারি কেইন অ্যান্ড কোং। সঙ্গে আক্রমণের পর আক্রমণ শানায় তারা। প্রবল চাপ দিয়ে পাঁচ মিনিটের মধ্যেই গোল আদায় করে নেয় ইংল্যান্ড। তবে ফিল ফোডেনের গোলটি অসফাইডের কারণে বাতিল করে দেয় ভিএআর।

এরপর অনেক চেষ্টা করেও সমতাসূচক গোলটি করতে ব্যর্থ হয় ইংল্যান্ড। ম্যাচ যখন যোগ করা অতিরিক্ত সময়ে গড়িয়েছে, তখন থেকেই উদযাপন শুরু করে দেয় গ্যালারিতে থাকা স্লোভাকিয়ার সমর্থকরা। তবে যোগ করা ৫ মিনিটের একেবারে শেষ সময়ে তাদের হতাশ করেন গত মৌসুমে রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে অসংখ্যবার শেষ মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া জুড বেলিংহ্যাম।

কাইল ওয়াকারের লম্বা থ্রো মাথায় পেয়ে বক্সের মধ্যে হেড করেন আইভরি কোস্টের বংশোদ্ভূত ইংলিশ ডিফেন্ডার মার্ক গেয়ি। তার হেডারটি মাটিতে পড়ার আগেই বাইসাইকেল কিকে বল জালে জড়ান বেলিংহ্যাম। শেষ মুহূর্তে সমতা ফেরায় অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। অতিরিক্ত সময়ের শুরুতেই গোল করে দলকে প্রথমবার এগিয়ে নেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন। ৯৫তম মিনিটে বক্সের মধ্যে ইভান টনির হেড পাসে হেডেই বল লক্ষ্যে পাঠান ইংল্যান্ডের টপ স্কোরার।

দশ মিনিট পর অবশ্য একটি ভালো সুযোগ পেয়েছিল স্লোভাকিয়া। তবে গোলপোস্টের কাছ থেকে পেতার পেকারিক ঠিকমতো শটটি নিতে না পারায় ম্যাচে আর ফেরা হয় না তাদের। এরপর ইংল্যান্ড রক্ষণে মনোযোগী হওয়ায় চেষ্টা করেও আর লাভ হয়নি স্লোভাকিয়ার। ফলে স্লোভাকিয়ার হৃদয় ভেঙে শেষ আট নিশ্চিত করে ইংল্যান্ড।

আগামী শনিবার (৬ জুলাই) রাত ১০টায় সেমিফাইনালে ওঠার লক্ষ্যে ইতালিকে বিদায় করা সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে গত আসরের রানার্স-আপরা।

   

About

Popular Links

x