Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

রোনালদোকে নিয়েই নেশন্স লিগে পর্তুগালের দল ঘোষণা

৫ সেপ্টেম্বর ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে পর্তুগাল

আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ১০:৩০ পিএম

আসন্ন নেশন্স লিগের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন পর্তুগালের কোচ রবের্ত মার্তিনেস। আর সেখানে নিজের জায়গা ধরে রেখেছেন পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো।

শুক্রবার (৩০ আগস্ট) পর্তুগাল আসন্ন নেশন্স লিগের জন্য দল ঘোষণা করে।

আগামী ৫ সেপ্টেম্বর ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নেশন্স লিগ অভিযান শুরু করবে পর্তুগাল। দ্বিতীয় ম্যাচে ৮ সেপ্টেম্বর স্কটল্যান্ডের মুখোমুখি হবে তারা।

গত জুন-জুলাই মাসে অনুষ্ঠিত ইউরো আসরে হতাশাজনক পারফর্ম করেন রোনালদো। পাঁচ ম্যাচে একবারও জালের দেখা পাননি তিনি। এমনকি একটি পেনাল্টি শট নিয়েও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন ৩৯ বছর বয়সী এই মহাতারকা।

কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে টাইব্রেকারে হেরে টুর্নামেন্ট থেকে পর্তুগাল বিদায় নিলে ব্যাপক সমালোচনার মুখে পড়েন রোনালদো। এরপর তাকে নেশন্স লিগের দলে রাখা হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়। তবে সব অনিশ্চয়তার অবসান করে ফুটবলের বহু রেকর্ডধারী এই তারকাকে নিয়েই দল ঘোষণা করেছেন কোচ।

২০০৩ সালের ২০ আগস্ট কাজাখস্তানের বিপক্ষে পর্তুগালের জার্সি পরে প্রথমবার মাঠে নামার পর শুধু পর্তুগালের নয়, ১৩০ গোল করে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা এখন তিনিই। জাতীয় দলের জার্সি পরে এখন পর্যন্ত ২১২ ম্যাচ খেলেছেন আল নাসরের এই ফরোয়ার্ড।

আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ হ্যাটট্রিকের (১০টি) মালিকও ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসে খেলা সাবেক এই ফুটবলার।

নেশন্স লিগের জন্য ঘোষিত স্কোয়াডে নতুন তিন মুখ রেখেছেন মার্তিনেস। স্পোর্তিং লিসবনের ১৭ বয়র বয়সী উইঙ্গার জেওভানি কেন্দাকে দলে টেনেছেন তিনি। এছাড়া চেলসির লেফট ব্যাক রেনাতো ভেইগা এবং লিল ডিফেন্ডার তিয়াগো সান্তোসও প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন।

পর্তুগাল স্কোয়াড

গোলরক্ষক: দিয়োগো কস্তা (পোর্তো), হোসে সা (উলভারহ্যাম্পটন), রুই সিলভা ।

ডিফেন্ডার: রুবেন দিয়াস (ম্যানচেস্টার সিটি), আন্তনিও সিলভা (বেনফিকা), রেনাতো ভেইগা (চেলসি), গনসালো ইনাসিও (স্পোর্তিং লিসবন), তিয়াগো সান্তোস (লিল), দিয়োগো দালো (ম্যানচেস্টার ইউনাইটেড), নুনো মেন্দেস (পিএসজি), নেলসন সেমেদো (উলভারহ্যাম্পটন)।

মিডফিল্ডার: জোইয়াও পালিনিয়া (বায়ার্ন মিউনিখ), জোইয়াও নেভেস (পিএসজি), ভিতিনিয়া (পিএসজি), ব্রুনো ফের্নান্দেস (ম্যানচেস্টার ইউনাইটেড), বের্নার্দো সিলভা (ম্যানচেস্টার সিটি), রুবেন নেভেস (আল-হিলাল), জোইয়াও ফেলিক্স (চেলসি), ফ্রান্সিস্কো ত্রিনসিয়াও (স্পোর্তিং লিসবন), পেদ্রো গনসালভেস (স্পোর্তিং লিসবন) ।

ফরোয়ার্ড: রাফায়েল লিয়াও (এসি মিলান), জেওভানি কেন্দা (স্পোর্তিং লিসবন), পেদ্রো নেতো (চেলসি), দিয়োগো জোতা (লিভারপুল), ক্রিশ্চিয়ানো রোনালদো (আল নাসর) ।

   

About

Popular Links

x