সোমবার পর্দা ওঠেছে বিপিএলের ১১তম আসরের। আজকে দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল খুলনা টাইগার্স ও চিটাগাং কিংস। আর এ ম্যাচেই ঘটলো বেশ কিছু নাটকীয় কাণ্ড। অফিসিয়ালি ১ বল হতেই চিটাগং কিংসের স্কোর বোর্ডে জমা হয়েগিয়েছিল ১৫ রান। এছাড়াও ব্যাটার টম ও কোনেলকে টাইমআউট করেও করেনি খুলনা টাইগার্স।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খুলনার দেওয়া ২০৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামে চিটাগং। প্রথমেই বল করতে আসেন করতে আসেন ক্যারিবিয়ান পেসার ওসেন থমাস। প্রথম বলেই ক্যাচ তুলে দিয়েছিলেন ওপেনার নাঈম ইসলাম। কিন্তু পরে দেখা যায় সেটা ছিল নো-বল। বেঁচে যান ওপেনার। যদিও ফ্রি-হিট কাজে লাগাতে পারেননি নাঈম ইসলাম।
এরপর আরও একটি নো-বল, আর সে বলেই ছক্কা মারেন নাঈম। পরে দুটি ওয়াইড দেওয়ার পর ফের আরও একটি নো-বল করে বসেন এই ক্যারিবিয়ান পেসার। সেটা থেকে নাঈম বাউন্ডারি আদায় করে নিলে অফিসিয়ালে এক বলে রান আসে ১৫। যা বিপিএলের ইতিহাসে এই প্রথম।
এছাড়াও আরও নাটকীয় ঘটনা ঘটে ম্যাচটিতে। হায়দার আলী আউট হওয়ার পর মাঠে ঢুকতে দেরি করেন ব্যাটার কোনেল। এমনকি নতুন ব্যাটসম্যান আসার নির্ধারিত দেড় মিনিট সময়ও পার হয়ে যায়।। তখন “টাইমড আউটের” জন্য আম্পায়ারের কাছে আবেদন করেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আম্পায়ার আউটের সংকেতও দেন। তবে কি ভেবে তৎক্ষণাৎ মত বদলে ফেলেন মিরাজ। কোনেল যখন সাজঘরের দিকে ফিরে যাচ্ছিলেন তখন ফের ফিরিয়ে আনা হয় তাকে। যদিও ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেননি এই প্রোটিয়া ব্যাটার। মোহাম্মদ নাওয়াজের করা সেই ওভারে নিজের প্রথম বলেই মিরাজের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি।



