Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

এন্দ্রিকের জোড়া গোলে কোয়ার্টার ফাইনালে রিয়াল

সান্তিয়াগো বার্নাব্যুতে ৫-২ গোলে সেল্টাকে হারিয়ে রিয়াল

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ১০:২৭ এএম

এন্দ্রিক গোলের দেখা পেলেন চার মাস পর। সেল্টা ভিগোকে দুই গোলে পিছিয়ে থেকেও দারুণ প্রত্যাবর্তন করে অতিরিক্ত সময়ে জোড়া গোলের মাধ্যমে রিয়াল মাদ্রিদকে কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে নিয়ে গেলেন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সান্তিয়াগো বার্নাব্যুতে ৫-২ গোলে সেল্টাকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো রিয়াল।

দ্বিতীয়ার্ধে কিলিয়ান এমবাপ্পে এবং ভিনিসিয়ুস জুনিয়রের গোলে রিয়াল ২-০ ব্যবধানে এগিয়ে যায়। পরবর্তীতে জোনাথন বাম্বা ও মার্কোস আলোনসোর শেষ মুহূর্তের গোলের পর ম্যাচ অতিরিক্ত সময়ে চলে যায়।

পেনাল্টি শুটআউটের সম্ভাবনাও উঁকি দিয়েছিল, তবে সুপার সাব হিসেবে মাঠে নামা এন্দ্রিক রিয়ালকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেন। ১৮ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের দুটি গোলের পাশাপাশি ফেদেরিকো ভালভার্দে একটি গোল করেন।

ম্যাচ শেষে এন্দ্রিক বলেন, “এটাই রিয়াল মাদ্রিদ। আমরা শেষ পর্যন্ত লড়াই করি, না জেতা পর্যন্ত। কখনও হাল ছাড়ি না, সবসময় লড়াই করি। এটা কঠিন ম্যাচ ছিল, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা গোল করেছি এবং জিতেছি। জানতাম অতিরিক্ত সময়ে আমাদের আরও দৌড়াতে হবে, আরও কিছু করতে হবে। আমরা তিনটি দারুণ গোল করেছি। এমন খেলা আমি ভালোবাসি, বিশেষ করে এই স্টেডিয়ামে আমাদের ভক্তদের সামনে।”

২০২৫ সালে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের প্রথম ম্যাচ ছিল এটি। স্প্যানিশ সুপার কাপে বার্সেলোনার কাছে ৫-২ গোলে হারের পর, খেলোয়াড়রা ও কোচ কার্লো আনচেলত্তি ভক্তদের কাছে তীব্র সমালোচনার মুখে পড়েন। কিন্তু একে অপরের সঙ্গে সমন্বয় করে ম্যাচে রিয়াল আবার ফিরে আসে। ৩৭তম মিনিটে এমবাপ্পে কাউন্টার অ্যাটাক থেকে রিয়ালকে এগিয়ে দেন। এর আগে সেল্টা ফরোয়ার্ড উইলিয়ট সুইডবার্গকে ফাউল করলেও পেনাল্টি দেননি রেফারি, যা নিয়ে বিতর্ক তৈরি হয়।

বিরতির পর রিয়াল আরও দাপট দেখায় এবং তিন মিনিট পর ভিনিসিয়ুস ব্যবধান দ্বিগুণ করেন। তবে এমবাপ্পে ও ভিনিসিয়ুস কিছু সহজ সুযোগ নষ্ট করেন। ব্রাহিম দিয়াজও এক দুর্দান্ত সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন।

এতেও সহজ জয় নিশ্চিত হচ্ছিল না। ৮৩তম মিনিটে কামাভিঙ্গার ভুলের সুযোগ নিয়ে বাম্বা গোল করেন। ছয় মিনিট পর রাউল আসেনসিওর ফাউলে সেল্টার পেনাল্টি থেকে গোল আসে, আর আলোনসো রিয়ালের জালে বল পাঠান।

অতিরিক্ত সময়ে সেল্টা সমর্থকদের সমালোচনার মধ্যে রিয়াল কোনো স্পষ্ট সুযোগ তৈরি করতে পারছিল না। তবে ১০৮তম মিনিটে এন্দ্রিকের গোল ও ১১২তম মিনিটে ভালভার্দের শটে রিয়াল দুই গোলে এগিয়ে যায়। ১১৯তম মিনিটে, একটি ব্যাক হিল ফ্লিকে এন্দ্রিক তার জোড়া গোল পূর্ণ করেন।

কোয়ার্টার ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদ, বার্সেলোনা, গেতাফে, লেগানেস, ভ্যালেন্সিয়া, ওসাসুনা ও রিয়াল সোসিয়েদাদের সঙ্গে যোগ দিলো রিয়াল। আগামী সোমবার ড্র।

   

About

Popular Links

x