সম্প্রতি ম্যানচেস্টার সিটি তাদের অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ১ মিনিট ১২ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা যায় আর্লিং হল্যান্ড কথা বলছেন। ভিডিওর শেষদিকে হল্যান্ডের কথা সিটি সমর্থকদের জন্য আনন্দের; কিন্তু প্রতিপক্ষ দলগুলোর ডিফেন্ডারদের জন্য যন্ত্রণা বাড়ানোর মতো।
ম্যানচেস্টার সিটির সঙ্গে নতুন চুক্তিপত্রে সই করেছেন হলান্ড। ভিডিওতে তিনি বলেন, ‘‘প্রিয় ডিফেন্ডাররা, আমি দুঃখিত। আমি এখানে থাকতেই এসেছি।”
নতুন এই চুক্তি অনুযায়ী ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটিতে নরওয়ের এই তারকা স্ট্রাইকার ২০৩৪ সালের জুন পর্যন্ত থাকছেন।
এর আগে ২০২২ সালে ৬ কোটি ইউরোর বিনিময়ে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন হলান্ড।
সিটির জার্সিতে শুরু থেকেই হলান্ড হয়ে ওঠেন গোল মেশিন। সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ১২৬ ম্যাচে ১১১ গোল করেছেন, আর শিরোপা জিতেছেন ৫টি। ২০২২–২৩ মৌসুমে দলকে ট্রেবল (প্রিমিয়ার লিগ, এফএ কাপ, চ্যাম্পিয়নস লিগ) জেতাতেও বড় অবদান ছিল এই নরওয়ের স্ট্রাইকারের।
সিটির সঙ্গে হল্যান্ডের আগের চুক্তির মেয়াদ ছিল ২০২৭ সালের জুন পর্যন্ত। আরও সাড়ে ৯ বছর ইতিহাদে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় বর্তমানে প্রিমিয়ার লিগে খেলা ফুটবলারদের মধ্যে দীর্ঘমেয়াদি চুক্তির তালিকায় এখন হলান্ডের নাম সবার ওপর। চুক্তির মেয়াদ ফুরোনোর সময় তার বয়স হবে ৩৪ বছর।
চুক্তি নবায়ন করার পর হলান্ড আরও বলেছেন, ‘‘এখন আমি নিজেকে আরও বিকশিত করতে চাই, আরও ভালো করার জন্য পরিশ্রম চালিয়ে যেতে চাই এবং সামনে আরও সাফল্য অর্জনে আমার সেরাটা দিয়ে দলকে সহায়তা করতে চাই।’’
এ বিষয়ে সিটির বিদায়ী ফুটবল পরিচালক তিকি বেগিরিস্তাইন বলেন, ‘‘হলান্ড চুক্তি নবায়ন করায় ক্লাবের সবাই আনন্দিত। এটা তার প্রতি আমাদের প্রতিশ্রুতির জানান দেয় এবং এই ক্লাবের প্রতি তার ভালোবাসার প্রমাণ দেয়।’’



