Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে যা বললেন এবিডি ভিলিয়ার্স

ভিলিয়ার্স বলেন, ‘বাংলাদেশের ভক্তরা শুনলে রাগ করতে পারেন’

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২৫ পিএম

আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দেশ ছাড়ার আগে নিজেদের লক্ষ্যের কথা জানাতে গিয়ে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন বলেছিলেন, আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য তাদের।

নাজমুল হোসেনের কথা শুনে যাদের প্রত্যাশা একটু বেড়ে গিয়েছিল, তাদের আশাহত করতে পারে দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি এবিডি ভিলিয়ার্সের কথা।

বাংলাদেশ দলকে সেমিফাইনালে উঠতে দেখলেই বেশ অবাক হবেন ভিলিয়ার্স। একটি ইউটিউব চ্যানেলে এমন মতই দেন তিনি। এবিডি বলেন, “আমি সত্যি করে যদি বলি, তাহলে বাংলাদেশকে নকআউটে দেখছি না। বাংলাদেশের ভক্তরা শুনলে রাগ করতে পারেন, কিন্তু তারা সেমিফাইনালে যাওয়ার মতো দল নয়।”

ভিলিয়ার্স মনে করেন, “কিছু অঘটনের জন্ম দিতে পারে বাংলাদেশ, তবে সেমিতে যাওয়া হবে তাদের জন্য ভীষণ কঠিন। তাদের অবশ্যই কিছু দলকে চমকে দেওয়ার সামর্থ্য আছে। হয়ত এমনকি কোন বড় দলকেও (চমকে দিতে পারে)। কিন্তু সেমিফাইনালে যাওয়া দলটির জন্য বিশাল চ্যালেঞ্জ হবে।”

এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে সাবেক তারকা ক্রিকেটারদের নেতিবাচক মন্তব্য শোনা গেছে আগেও। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং যেমন বাংলাদেশের চেয়ে এগিয়ে রেখেছেন আফগানিস্তানকে।

বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, তানজিদ হাসান, নাহিদ রানা।

   

About

Popular Links

x