আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন গত বছরই। চলতি মৌসুম শেষে এবার বায়ার্ন ছাড়ার ঘোষণা দিলেন তিনি। পেশাদার ফুটবলে নিজের ক্যারিয়ারে মাত্র দুটি জার্সি গায়ে দিয়েছেন জার্মান মহাতারকা টমাস মুলার- একটি জার্মানির, আরেকটি বায়ার্ন মিউনিখের।
৩৫ বছর বয়সী এই ফরোয়ার্ড জানিয়েছেন, এই মৌসুম শেষেই বায়ার্ন মিউনিখ ছাড়তে চলেছেন তিনি। বায়ার্ন কর্তৃপক্ষও এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
ইউরোপের শীর্ষ ৫ লিগের মধ্যে এক ক্লাবে সবচেয়ে বেশি সময় খেলা চালিয়ে যাওয়ার রেকর্ডটা মুলারের। ২০০০ সালে বায়ার্ন একাডেমিতে যোগ দেওয়া মুলার ক্লাবটির সঙ্গে আছেন টানা ২৫ বছর ধরে।
মাত্র ১০ বছর বয়স থেকে বায়ার্নের সঙ্গে বড় হওয়া প্রসঙ্গ তুলে বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড বলেন, ‘‘আজকের দিনটা আমার অন্য সব দিনের মতো নয়। বায়ার্নের খেলোয়াড় হিসেবে আমার ২৫ বছরের পথচলা এই গ্রীষ্মে শেষ হতে চলেছে। এটা এক অবিশ্বাস্য যাত্রা ছিল, যা অনন্য সব অভিজ্ঞতা, দুর্দান্ত সব লড়াই এবং অবিস্মরণীয় সব জয়ে ভরা।”
জার্মানির জার্সি গায়ে ২০১৪ বিশ্বকাপ জেতা বায়ার্নের সিনিয়র দলের হয়ে প্রথম খেলেন ২০০৮-৯ মৌসুমে। গত ১৭ মৌসুমে বায়ার্নের যত অর্জন, সবকিছুর সঙ্গেই জড়িয়ে ছিল এই ফরোয়ার্ড। এ সময়ে মুলার বুন্দেসলিগায় ১৫০টি সহ ৭৪৩ ম্যাচে মোট ২৪৭ গোল করেছেন।
বায়ার্নের হয়ে ১২টি বুন্দেসলিগা, ৬টি জার্মান কাপ, ৮টি জার্মান সুপার কাপ, ২টি চ্যাম্পিয়নস লিগ, ২টি উয়েফা সুপার কাপ এবং ২টি ফিফা ক্লাব বিশ্বকাপ জিতেছেন তিনি।



ম্যানসিটি ছাড়ার ঘোষণা ডি ব্রুইনের