Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ম্যানসিটি ছাড়ার ঘোষণা ডি ব্রুইনের

সব প্রতিযোগিতা মিলিয়ে সিটির হয়ে ৪১৩ ম্যাচে ডি ব্রুইনে করেছেন ১০৬ গোল

আপডেট : ০৪ এপ্রিল ২০২৫, ০৭:৩২ পিএম

চলতি মৌসুম শেষে ম্যানচেস্টার সিটি ছাড়ার ঘোষণা দিয়েছেন কেভিন ডি ব্রুইন। মৌসুম শেষে চুক্তি শেষ হওয়ায় সিটিজেন শিবিরে তার এক দশকের পথচলার ইতি হচ্ছে।

শুক্রবার (৪ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দিয়েছেন ৩৩ বছর বয়সী এই বেলজিয়াম মিডফিল্ডার।

তিনি লিখেছেন, “প্রতিটি গল্পের শেষ আছে, কিন্তু এটি নিশ্চিতভাবে আমার জীবনের সেরা অধ্যায়। ফুটবল আমাকে তোমাদের সবার কাছে এনেছে- এই শহরে এনেছে। আমি শুধু আমার স্বপ্নের পেছনে ছুটছিলাম, জানতাম না যে এই সময় আমার জীবন বদলে দেবে। এই শহর, এই ক্লাব।”

ম্যানসিটিতে অর্জনের কিছু বাকি নেই উল্লেখ করে তিনি বলেন, “এই মানুষগুলো আমাকে সবকিছু দিয়েছে। সবকিছু উজাড় (প্রতিদান) করে দেওয়া ছাড়া আমার আর কোনো উপায় ছিল না এবং দেখো, আমরা সবকিছু জিতেছি।”

এবার বিদায়ের সময় এসেছে উল্লেখ করে ডি ব্রুইন লিখেন, “আমরা চাই বা না চাই, বিদায়ের সময় এসে গেছে। সুরি, রোম, ম্যাসন, মিশেল- আমি চিরকৃতজ্ঞ থাকব এই জায়গার জন্য, যা আমাদের পরিবারের কাছে অনেক অর্থ বহন করে। ম্যানচেস্টার চিরকাল আমাদের সন্তানদের পাসপোর্টে থাকবে। আরও গুরুত্বপূর্ণভাবে, আমাদের হৃদয়ে থাকবে।”

২০১৫ সালে ভলফসবুর্গ থেকে সিটিতে যোগ দেন এই বেলজিয়ান তারকা। সব মিলিয়ে জিতেছেন ১৬টি ট্রফি, এর মধ্যে রয়েছে ছয়টি প্রিমিয়ার লিগ ও ২০২৩ চ্যাম্পিয়নস লিগের শিরোপা। দলটির হয়ে সবই জেতা হয়ে গেছে তার। সব প্রতিযোগিতা মিলিয়ে সিটির হয়ে ৪১৩ ম্যাচে ডি ব্রুইনে করেছেন ১০৬ গোল, সহায়তা করেছেন ১৭৪ গোলে।

   

About

Popular Links

x