আইপিএল মানেই যেন নতুন নতুন সব রেকর্ড। আইপিএলে দ্রুততম ফিফটির তালিকায় নাম লেখালেন রোমারিও শেফার্ড।
শনিবার (৩ মে) চেন্নাই সুপার কিংসের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ব্যাট করতে নামে রোমারিও। তখন ইনিংসে বল বাকি মাত্র ১৪টি। তখন কোহলির দলের রান ৫ উইকেটে ১৪৭। ঠিক সে সময়ই যেন চার-ছক্কার ঝড় তুললেন এই ডানহাতি ক্যারিবিয়ান ব্যাটার। ১৪ বলেই ফিফটি করে বসেন তিনি।
আইপিএলের ইতিহাসে সবচেয়ে দ্রুততম ফিফটির রেকর্ড যশস্বী জয়সোয়ালের, ১৩ বলে। এরপর ১৪ বলে অর্ধশত করার তালিকায় আছে ভারতের লোকেশ রাহুল ও অস্ট্রেলিয়ার পেট কামিন্স। এ তালিকায় চতুর্থ স্থানে যুক্ত হলো রোমারিও সেফার্ডের নাম।
এদিন চেন্নাইয়ের বিপক্ষে শেষ ২ ওভারে বেঙ্গালুরু ৫৪ রান নিয়েছে। আইপিএলে ইনিংসের শেষ ২ ওভারে এত রান আগে কখনো হয়নি।
এ সব কৃতিত্বই শুধই শেফার্ডের। ষষ্ঠ উইকেট জুটিতে তিনি ও টিম ডেভিড ১৫ বলে ৫৬ রানের জুটি গড়েছেন, যেখানে শেফার্ডের অবদানই ১৪ বলে ৫৩। এই জুটিতে মাত্র ১ বল খেলার সুযোগ পেয়েছেন ডেভিড। যেহেতু শেফার্ড বাকি থাকা ১৪ বলই খেলেছেন, তাই সেটিও তার পাওয়ার কথা না। তবে ১৯তম ওভারে খলিল আহমেদের একটি বলে নো বল করায় সেই সুযোগ পেয়েছেন তিনি।
চেন্নাইয়ের হয়ে এদিন শেষ দুই ওভার বোলিং করেছেন খলিল ও শ্রীলংকান পেসার পাতিরানা। ইনিংসের ১৯তম ওভারে খলিলের এক ওভারেই শেফার্ড তোলেন ৩৩ রান। আইপিএলে চেন্নাইয়ের হয়ে খেলা কোনো বোলারের করা এটিই সবচেয়ে খরুচে ওভার। এরপর পাতিরানার শেষ ওভারে আসে আরও ২৪ রান।
শেষ ২ ওভারে এদিন শেফার্ড নিয়েছেন ৫২। টি-টোয়েন্টিতে শেষ ২ ওভারে এর চেয়ে বেশি রান কেউ কোনো দিন নিতে পারেননি।
বেঙ্গালুরু ইনিংসের শেষ চার ওভারে ১৩.৮ গড়ে করেছে ৬৯ রান।



