Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিদায়বেলায় রাসেলের ব্যাটে ঝড়

চার-ছক্কা মেরে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেন ওয়েস্ট ইন্ডিজের এই তারকা

আপডেট : ২৩ জুলাই ২০২৫, ০২:৩৯ পিএম

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার এবং কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) তারকা ক্রিকেটার আন্দ্রে রাসেল। 

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আজ বুধবার (২৩ জুলাই) দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটিই ছিল তার শেষ আন্তর্জাতিক ম্যাচ। শেষ ম্যাচেও দেখা গেল রাসেলের ব্যাটে ঝড়। ১৫ বলে ৩৬ রান করেন তিনি, যেখানে ছিল চারটি ছয় এবং একটি চার।

যখন রাসেল ব্যাট করতে নামেন, তখন ৯৮ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম বলেই এক রান নেওয়ার পর, ১৫তম ওভারে বেন ডোয়ারশুইসকে তিনটি ছয় মারেন। পরের ওভারে অ্যাডাম জাম্পাকে একটি ছয় এবং চার হাঁকান। শেষ পর্যন্ত ১৭তম ওভারে নাথান এলিসের বলে বাউন্ডারির ধারে জশ ইংলিসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে রাসেল খেলেছেন ৮৬টি ম্যাচ, করেছেন ১১২২ রান এবং নিয়েছেন ৬১টি উইকেট। শেষ ম্যাচে অবশ্য বল হাতে সফল হননি, এক ওভারে দিয়েছেন ১৬ রান।

রাসেলকে বিদায় জানানোর জন্য দুই দলের ক্রিকেটাররা তাকে ‘‘গার্ড অফ অনার’’ দেন এবং গোটা স্টেডিয়াম হাততালি দিয়ে তাকে সম্মান জানায়। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের পক্ষ থেকে তাকে স্মারক উপহারও দেওয়া হয়। আবেগাপ্লুত রাসেল বলেন, “শেষবার ব্যাট করতে নেমে আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। তবে নিজের কাজটা করেছি। এখনও ছয় মারতে ভালো লাগে। ছোটবেলায় সাবাইনা পার্কে খেলার স্বপ্ন ছিল, সেটা সত্যি হয়েছে। সমর্থনকারীদের ধন্যবাদ।”

শেষ ম্যাচে জয় চাইছিলেন রাসেল। কিন্তু জশ ইংলিসের অপরাজিত ৭৮ এবং ক্যামেরন গ্রিনের ৫৬ রানের ইনিংসে ভর করে অস্ট্রেলিয়া ৮ উইকেটে জয় তুলে নেয়।

   

About

Popular Links

x