Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

নিষেধাজ্ঞার মুখে পড়তেই হলো মেসি-আলবাকে

এমএলএস অল-স্টার গেমে না খেলার শাস্তি

আপডেট : ২৬ জুলাই ২০২৫, ১০:৩৬ এএম

নিষেধাজ্ঞার মুখে পড়ার ঝুঁকি আগেই তৈরি হয়েছিল ইন্টার মায়ামির দুই তারকা লিওনেল মেসি ও জর্দি আলবার। শেষ পর্যন্ত সেটিই ঘটলো। এমএলএস অল-স্টার গেমে না খেলার শাস্তি হিসেবে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন লিওনেল মেসি ও জর্দি আলবা।

মেজর লিগ সকারে (এমএলএস) রবিবার (২৭ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৫টা ১৫ মিনিটে সিনসিনাটির মুখোমুখি হবে মায়ামি। স্থানীয় সময় শুক্রবার বিকেলে এই ম্যাচে মেসি ও আলবাকে নিষিদ্ধ করার সিদ্ধান্তের কথা জানিয়েছে এমএলএস কর্তৃপক্ষ।

এমএলএসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “এ সপ্তাহে মেজর লিগ সকার অল-স্টার গেমে অনুপস্থিত থাকার কারণে শনিবার সিনসিনাটির বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না ইন্টার মায়ামির জর্দি আলবা এবং লিওনেল মেসি। নিয়ম অনুযায়ী, লিগের কাছ থেকে আগেই অনুমতি না নিয়ে কোনো খেলোয়াড় যদি অল-স্টার গেমে অনুপস্থিত থাকেন, তাহলে তিনি তার ক্লাবের পরের ম্যাচটি খেলতে পারবেন না।”

এমএলএস কমিশনার ডন গারবার সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিককে বলেন, “মেসিকে নিষিদ্ধ করাটা ছিল ‘খুব খুব কঠিন’। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমি জানি মেসি এমএলএসকে ভালোবাসেন। এমএলএস একদমই আলাদা লিগ। এমএলএস কী, কী করতে সক্ষম, সেসব বিশ্বকে দেখাতে মেসি বছরজুড়ে সাহায্য করছেন। আমার মনে হয় এটা গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমার কাছে—মেজর লিগ সকারের জন্য লিওনেল মেসির চেয়ে কেউ বেশি করেনি। সেটা শুধু মাঠের বাইরে নয়, মাঠের ভেতরেও। দর্শকেরা তার সব ম্যাচই দেখেন। ইন্টার মায়ামির প্রতি তার অঙ্গীকারকে আমি সম্মান ও প্রশংসা করি।”

গারবার আরও বলেন, “এমএলএস অল-স্টার গেমে তার না খেলার বিষয়টি আমি বুঝি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অল-স্টার গেমে কোনো খেলোয়াড়ের অংশ নেওয়ার বিষয়ে আমাদের দীর্ঘদিনের প্রচলিত নিয়ম আছে এবং সেটা কার্যকর করতে হয়েছে। এটা ছিল খুব খুব কঠিন সিদ্ধান্ত, কিন্তু আশা করি এটা মেসি এবং বাকিরা বুঝবেন এবং সম্মান করবেন। তিনি তার ক্লাব, সতীর্থ ও লিগের জন্য দিনের পর দিন মাঠে নেমেছেন এবং তার সিদ্ধান্তকে আমি সম্মান করি।”

উল্লেখ্য, গত বুধবার এমএলএস অল-স্টার গেমে লিগা-এমএক্সের একাদশকে ৩-১ গোলে হারায় এমএলএস একাদশ। এই ম্যাচে এমএলএসের অল-স্টার একাদশে খেলার জন্য মায়ামি থেকে মেসি ও আলবা নির্বাচিত হয়েছিলেন। কিন্তু যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ইউএসএ টুডে জানিয়েছে, অল-স্টার গেম শুরুর প্রায় ৮ ঘণ্টা আগে এমএলএস কর্তৃপক্ষ জানায়, এই ম্যাচে মেসি ও আলবা খেলতে পারবেন না।

এমএলএস অল-স্টার গেমে না খেলায় বড় কোনো তারকার শাস্তি পাওয়ার ঘটনা এই প্রথম নয়; ২০১৮ সালে অল-স্টার গেমে না খেলায় লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির সাবেক ফরোয়ার্ড জ্লাতান ইব্রাহিমোভিচও এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন।

   

About

Popular Links

x