Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

সোবার্স-গাভাস্কারের রানের রেকর্ড ভাঙলেন গিল

একদিনে সোবার্সের ৫৯ আর গাভাস্কারের ৪৬ বছরের রেকর্ড ভাঙেন গিল

আপডেট : ৩১ জুলাই ২০২৫, ১০:৩৭ পিএম

ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার গ্যারি সোবার্স ও স্বদেশি সুনীল গাভাস্কারের রেকর্ড ভাঙলেন ভারতীয় অধিনায়ক শুভমান গিল।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দ্য ওভালে শুরু হওয়া ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের পঞ্চম ও শেষ টেস্টের প্রথমদিনের প্রথম সেশনে সোবার্স ও গাভাস্কারের রেকর্ড ভাঙেন গিল।

দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরকারী অধিনায়ক হিসেবে এক সিরিজে সবচেয়ে বেশি রানের রেকর্ড দখলে নেন গিল। এক্ষেত্রে সোবার্সের ৫৯ বছরের রেকর্ড ভাঙেন তিনি।

এরপর এক সিরিজে ভারতের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি রানে গাভাস্কারের ৪৬ বছরের রেকর্ড ভাঙেন গিল।

পঞ্চম টেস্টের আগে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম চার টেস্টে ৭২২ রান করেছিলেন গিল। দেশগুলোতে সফরকারী অধিনায়ক হিসেবে এক সিরিজে সবচেয়ে বেশি রানের রেকর্ডে সোবার্সের পাশে বসেছিলেন তিনি। ১৯৬৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের সিরিজে ৭২২ রান করেছিলেন সোবার্স। তাই সোবার্সকে ছাড়িয়ে যেতে ১ রান দরকার ছিল গিলের।

সিরিজের শেষ টেস্টে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৩৮ রানে ২ উইকেট হারায় ভারত। এরপর ক্রিজে আসেন গিল। ১৮তম ওভারের ওভারের তৃতীয় বলে ২ রান নিয়ে সোবার্সের রেকর্ড ভাঙেন তিনি।

অন্য রেকর্ডে গাভাস্কারকে ছাড়িয়ে যেতে ১১ রান দরকার ছিল গিলের। ২২তম ওভারের তৃতীয় বলে চার মেরে গাভাস্কারকে টপকে যান তিনি। ১৯৭৮-৭৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬ টেস্টের ৯ ইনিংসে ৭৩২ রান করেছিলেন গাভাস্কার।

এখন ভারতীয়দের মধ্যে এক সিরিজে সর্বাধিক রানের মালিক গিল। তিনি গাভাস্কারের পাশাপাশি ভেঙেছেন বিরাট কোহলির তিন রেকর্ড। কোহলি ২০১৮ সালে ইংল্যান্ডে গিয়ে ৫৯৩ রান করেছিলেন। একই বছর শ্রীলঙ্কায় এক সিরিজে ৬১০ রান এসেছিল তার ব্যাট থেকে। তার আগের বছর ইংল্যান্ডে গিয়ে করেছিলেন ৬৫৫ রান।

এক সিরিজে সর্বাধিক রানের রেকর্ড ভাঙা অবশ্য গিলের জন্য খুবই কঠিন হবে। ইংল্যান্ড সফরে এসে সর্বকালের সেরা ব্যাটার খ্যাত স্যার ডন ব্রাডম্যান ১৯৩০ সালে এক সিরিজে ৯৭৪ রান করেছিলেন। তার আগের বছর ইংল্যান্ডের হামমন্ড অস্ট্রেলিয়ায় অ্যাসেজ খেলতে গিয়ে ৯০৫ রান করেছিলেন। এছাড়া এক সিরিজে ৮০০র বেশি রান আছে সাতজনের।  

   

About

Popular Links

x