Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ধোনি-কোহলিদের সঙ্গে ক্রিকেট খেলবেন মেসি!

ওয়াংখেড়ে স্টেডিয়াম বরাদ্দ রাখতে ইতোমধ্যে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে অনুরোধ জানানো হয়েছে

আপডেট : ০১ আগস্ট ২০২৫, ০৫:৪২ পিএম

ফুটবল ছেড়ে এবার ক্রিকেট খেলতে মাঠে নামবেন লিওনেল মেসি! অদ্ভুত মনে হলেও এমনটা ঘটতে পারে আগামী ডিসেম্বরে। ফুটবলের মহাতারকাকে দেখা যেতে পারে ক্রিকেট ম্যাচে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৪ ডিসেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দেখা যেতে পারে এক ব্যতিক্রমী দৃশ্য, মেসি বনাম মহেন্দ্র সিং ধোনি-বিরাট কোহলি! এমনই দাবি করছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।

ইন্ডিয়ান এক্সপ্রেসসের প্রতিবেদনে বলা হয়েছে, ডিসেম্বরে সাতজনের একটি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচটির জন্য শচীন টেন্ডুলকার ও রোহিত শর্মার মতো কিংবদন্তিরাও মাঠে নামতে পারেন।

একটি সুপরিচিত ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ১৪ ডিসেম্বরের জন্য ওয়াংখেড়ে স্টেডিয়ামটি বরাদ্দ রাখতে ইতোমধ্যে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে (এমসিএ) অনুরোধ করেছে।

জানা গেছে, ওই দিনই একটি প্রোমোশনাল সফরে মুম্বাই সফরে আসার কথা রয়েছে আর্জেন্টাইন এই মহাতারকার।

এমসিএ কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যম দ ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, মেসি ১৪ ডিসেম্বর ওয়াংখেড়েতে থাকবেন। তিনি সাবেক ও বর্তমান ক্রিকেটারদের সঙ্গে একটি ক্রিকেট ম্যাচেও অংশ নিতে পারেন। সবকিছু চূড়ান্ত হলে আয়োজকরা পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করবে।

আর্জেন্টাইন তারকার এই ভারত সফর হতে পার ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। সফরের অংশ হিসেবে তিনি নয়াদিল্লি ও কলকাতাও আসতে পারেন। যদি তা হয়, তাহলে ১৪ বছর পর এটি হবে মেসির ভারতে দ্বিতীয় সফর। এর আগে ২০১১ সালে কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে এসেছিলেন তিনি।

   

About

Popular Links

x