Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ইনস্টাগ্রামে এলো নতুন ফিচার ‘ইনস্ট্যান্টস’

নতুন এই ফিচারের বিশেষত্ব হলো, ছবি একবার দেখা হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে মুছে যায় 

আপডেট : ২০ মে ২০২৬, ০৫:০০ পিএম

সকাল থেকে রাত পর্যন্ত বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যম মানুষের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম হলো ইনস্টাগ্রাম। এজন্য ব্যবহারকারীদের পছন্দকে আরও গুরুত্ব দিয়ে নতুন একটি ফিচার নিয়ে এসেছে মেটা। নতুন এই ফিচারের নাম ‘ইনস্ট্যান্টস’।  

কী এই ‘ইনস্ট্যান্টস’ ফিচার? 

নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা খুব দ্রুত ছবি তুলে সরাসরি ইনবক্সে পাঠাতে পারবেন। এই ছবিগুলো স্থায়ীভাবে থাকে না। প্রাপক একবার দেখে ফেললে ছবি স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে, আর যদি দেখা না হয় তাহলেও সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে সেটি অদৃশ্য হয়ে যাবে। এছাড়া এডিটিং করা ছবির চেয়ে বাস্তব মুহূর্তগুলোকে কোনো ফিল্টার ছাড়া শেয়ার করাই এই ফিচারের মূল উদ্দেশ্য।

ব্যবহারকারীরা তাদের কাছের বন্ধু এবং যাদের তারা ফলোব্যাক করছেন, শুধু তাদের সাথেই এই ছবিগুলো শেয়ার করতে পারবেন। শেয়ার করা ছবিগুলো ইনস্টাগ্রামের ডিরেক্ট মেসেজ ইনবক্সের নিচে ডানদিকের কোণায় একটি ছোট ফটো স্ট্যাক বা স্তূপ আকারে দেখা যাবে।

দেখার পরেই ভ্যানিশ, তবে থাকবে আর্কাইভে

ইনস্টাগ্রামের সাধারণ পোস্ট বা স্টোরিজের মতো এই ছবিগুলো স্থায়ী হবে না। প্রাপক ছবিটি একবার দেখার পরপরই তা অদৃশ্য হয়ে যাবে। তবে যিনি ছবিটি পাঠিয়েছেন, তার জন্য এটি স্থায়ীভাবে মুছে যাবে না। ইনস্টাগ্রাম জানিয়েছে, প্রেরকের নিজস্ব প্রাইভেট আর্কাইভে এই ছবিগুলো সর্বোচ্চ এক বছর পর্যন্ত জমা থাকবে, যা কেবল তিনিই দেখতে পাবেন। ব্যবহারকারী চাইলে পরবর্তীতে এই আর্কাইভ থেকে ছবিগুলো আবার ‘স্টোরি রিক্যাপ’ হিসেবে শেয়ার করতে পারবেন।

সরাসরি মেসেজের উত্তর ও আনডু সুবিধা  

ইনস্ট্যান্টস ফিচারের মাধ্যমে পাঠানো ছবিতে বন্ধুরা প্রতিক্রিয়া জানাতে বা উত্তর দিতে পারবেন, যা সরাসরি ইনস্টাগ্রামের ইনবক্সে মেসেজ হিসেবে জমা হবে। এছাড়া ভুলবশত কোনো ছবি চলে গেলে তা দ্রুত ফিরিয়ে নেওয়ার জন্য একটি ‘আনডু’ অপশনও যুক্ত করেছে ইনস্টাগ্রাম।

বাস্তব ও স্বাভাবিক অনুভূতি দিতে এই ফিচারে ছবি তোলার পর কোনো এডিটিং টুল বা ফিল্টার ব্যবহারের সুযোগ রাখা হয়নি। তবে ছবি পাঠানোর আগে ক্যাপশন যুক্ত করা যাবে। স্টোরিজের মতো নয়, বরং এখানে ছবি খোলার আগেই ক্যাপশনটি স্ক্রিনে ভেসে উঠবে।

বিশ্লেষকদের মতে, এই ফিচার ইনস্টাগ্রামকে আরও বেশি ব্যক্তিগত যোগাযোগকেন্দ্রিক করে তুলবে। পাশাপাশি এটি স্ন্যাপচ্যাট ও বিট্রিয়েলের মতো অ্যাপগুলোর সঙ্গে সরাসরি প্রতিযোগিতাও তৈরি করবে, যারা আগে থেকেই রিয়েল-টাইম ও অস্থায়ী শেয়ারিংয়ের জন্য জনপ্রিয়।

   

About

Popular Links

x