Tuesday, June 23, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঢাকায় উবারের নতুন সেবা ‘প্রিমিয়ার প্লাস’ চালু

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই প্রিমিয়াম সেবা চালুর কথা জানানো হয়

আপডেট : ২২ জুন ২০২৬, ০৩:০৮ পিএম

ঢাকার নগরজীবনে যাতায়াত আরও আরামদায়ক ও নির্ভরযোগ্য করতে নতুন সার্ভিস ‘প্রিমিয়ার প্লাস’ চালুর ঘোষণা দিয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় রাইডশেয়ারিং অ্যাপ উবার। 

সোমবার (২২ জুন) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই প্রিমিয়াম সেবা চালুর কথা জানানো হয়। এই সেবার আওতায় যাত্রীরা সর্বাধুনিক মডেলের সেডান গাড়ি এবং উবারের সবচেয়ে উচ্চ রেটিংপ্রাপ্ত দক্ষ চালকদের মাধ্যমে ভ্রমণের সুযোগ পাবেন।

উবার কর্তৃপক্ষ জানায়, যারা দৈনন্দিন যাতায়াতে উন্নতমানের সেবা, বাড়তি স্বাচ্ছন্দ্য ও নিরবচ্ছিন্ন ভ্রমণ অভিজ্ঞতা প্রত্যাশা করেন, মূলত তাদের চাহিদার কথা মাথায় রেখেই ‘প্রিমিয়ার প্লাস’ অপশনটি আনা হয়েছে। এর মাধ্যমে যাত্রীরা নতুন সেডান গাড়ির বাড়তি আরাম উপভোগ করার পাশাপাশি টপ-রেটেড চালকদের সাথে নিশ্চিন্তে গন্তব্যে পৌঁছানোর ভরসা পাবেন।

নতুন এই সার্ভিস চালুর বিষয়ে উবার বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার রেদওয়ান রেজভী বলেন, “উবারে আমরা সব সময় যাত্রীদের অভিজ্ঞতা আরও উন্নত করতে এবং তাদের ভিন্নধর্মী যাতায়াত চাহিদা পূরণে কাজ করি। প্রিমিয়ার প্লাস এমন যাত্রীদের জন্য তৈরি করা হয়েছে, যারা উবারে নতুন গাড়ি ও উচ্চ রেটিংপ্রাপ্ত চালকের মাধ্যমে আরও উন্নত সেবা প্রত্যাশা করেন। এই সেবায় উবারের পরিচিত সুযোগ-সুবিধা ও চিরাচরিত নির্ভরযোগ্যতা পুরোপুরি বজায় থাকবে।”

যেভাবে বুক করবেন ‘প্রিমিয়ার প্লাস’ রাইড:

প্রথমে উবার অ্যাপ ওপেন করে আপনার গন্তব্য ‘Where to?’ বক্সে লিখতে হবে। এরপর স্ক্রিনে আসা রাইডের বিভিন্ন অপশন থেকে ‘Premier Plus’ বেছে নিতে হবে। সর্বশেষ ভাড়ার বিবরণ দেখে নিয়ে বুকিং কনফার্ম করলেই চালক নির্দিষ্ট স্থানে পৌঁছে যাবেন। উন্নত গ্রাহকসেবা ও আরামদায়ক বাহনের কারণে নতুন এই সার্ভিসটি ঢাকার কর্মজীবী ও প্রিমিয়াম সেবা প্রত্যাশীদের মাঝে দ্রুত জনপ্রিয় হয়ে উঠবে বলে আশা করছে উবার।

   

About

Popular Links

x