Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

১৭% কর্মী ছাঁটাই করছে স্পটিফাই

ছাঁটাই হওয়া কর্মীরা পাঁচ মাসের আর্থিক ক্ষতিপূরণ পাবেন, যার মধ্যে স্বাস্থ্য বীমা ও অভিবাসী/পেশা সংক্রান্ত সহায়তার মতো বিষয়গুলোও রয়েছে

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ০১:২৮ পিএম

আবারও ১৭% কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে মিউজিক স্ট্রিমিং জায়ান্ট স্পটিফাই। গত বছরও কর্মী ছাঁটাই করেছিল সুইডিশ কোম্পানিটি। এ বছরের জানুয়ারিতে ৬% কর্মী ছাঁটাইয়ের পর জুনে আরও ২% কর্মী ছাঁটাই করে স্পটিফাই।

সোমবার (৪ ডিসেম্বর) প্রায় ১,৫০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে প্ল্যাটফর্মটি।  প্রতিষ্ঠানটির বর্তমান কর্মী সংখ্যা ৯২৪১ জন। ছাঁটাই হওয়া কর্মীদের প্রত্যেকে গড়ে পাঁচ মাসের আর্থিক ক্ষতিপূরণ পাবেন, যার মধ্যে স্বাস্থ্য বীমা ও অভিবাসী/পেশা সংক্রান্ত সহায়তার মতো বিষয়গুলোও রয়েছে।

যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে স্পটিফাইয়ের শেয়ার দর প্রায় ১১% বেড়েছে, যা দুই বছরের মধ্যে সর্বোচ্চ দরের কাছাকাছি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, চলতি বছরের শুরুতে টেক কোম্পানিগুলো এক দফায় কর্মী ছাঁটাই করে। এখন আবার আমাজন ও মাইক্রোসফটের মালিকানাধীন লিংকডইনের মতো কোম্পানিগুলো কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে।

কর্মীদের দেওয়া চিঠিতে স্পটিফাইয়ের প্রধান নির্বাহী ড্যানিয়েল এক বলেন, ২০২০ ও ২০২১ সালে কম মূলধন ব্যয়ের কারণে কোম্পানিটি বেশি কর্মী নিয়োগ করেছিল। তখন এতে আয়ও বেশি হয়েছে। এই আয় বৃদ্ধিতে বেশি জনবলের ভূমিকা ছিল।

কর্মী ছাঁটাই করলে অর্থবছরের শেষ প্রান্তিকে স্পটিফাইয়ের ১৩ কোটি ইউরো থেকে সাড়ে ১৪ কোটি ইউরো পর্যন্ত বাড়তি ব্যয় হবে। কোম্পানিটি বলছে, এ খরচের হিসাব ২০২৪ সালের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে যুক্ত হবে।

স্পটিফাই ধারণা করছে, অর্থবছরের শেষ প্রান্তিকে পরিচালন ক্ষতির পরিমাণ ৯ কোটি ৩০ লাখ ইউরো থেকে ১০ কোটি ৮০ লাখ ইউরো পর্যন্ত হতে পারে। অথচ এর আগে ধারণা করা হয়েছিল, শেষ প্রান্তিকে কোম্পানিটির পরিচালন মুনাফা ৩ কোটি ৭০ লাখ ইউরোতে দাঁড়াবে।

পডকাস্ট ব্যবসার পেছনে স্পটিফাই একশো কোটি ডলারেরও বেশি বিনিয়োগ করেছে। তারা কিম কার্দাশিয়ান, প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের মতো তারকাদের সঙ্গে চুক্তি করেছে এবং ২০৩০ সাল নাগাদ শত কোটি ব্যবহারকারী পেতে বিশ্বের বেশির ভাগ দেশে বাণিজ্য প্রসারিত করার পরিকল্পনা নিয়েছে।

অর্থবছরের শেষ প্রান্তিকে স্ট্রিমিং পরিষেবার ফি বাড়িয়ে দেওয়ায় এবং সব অঞ্চলে সাবস্ক্রাইবার বেড়ে যাওয়ার কারণে স্পটিফাই লাভের মুখ দেখা শুরু করে। শেষ প্রান্তিকে মাসিক শ্রোতার সংখ্যা বেড়ে ৬০ কোটি ১০ লাখে পৌঁছাবে বলে আশা করছে তারা।

বার্তা সংস্থা রয়টার্সকে কোম্পানির সিইও বলেন, প্রতি ডলারে লাভের অংশ বাড়াতে কর্মদক্ষতা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। কর্মী ছাঁটাই করলে এ আয়ের পরিমাণ বাড়ানো সম্ভব হবে।

সিইও এক বলেন, “আমরা ২০২৪ ও ২০২৫ সালজুড়ে অল্পসংখ্যক করে কর্মী ছাঁটাইয়ের চিন্তা করেছিলাম। তবে, আমাদের আর্থিক লক্ষ্যের কথা ও পরিচালন ব্য়য়ের কথা চিন্তা করে, ব্যয় কমিয়ে লক্ষ্য অর্জনের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিই।”

   

About

Popular Links

x