যথাযথ প্রক্রিয়ায় আবেদন ও ফি জমা দিয়েও ভোলায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ইন্টারনেট সংযোগ পাচ্ছেন না গ্রাহকরা। রাষ্ট্রীয় এ প্রতিষ্ঠানের ইন্টারনেট সংযোগের জন্য গত এক মাসে প্রায় অর্ধশত গ্রাহক আবেদন করেছেন।
ভোলা মুসলিম পাড়ার বাসিন্দা অ্যাডভোকেট সাজেদা আক্তার চৌধুরী জানান, তিনি বাসায় বেসরকারি ইন্টারনেট সংযোগ ব্যবহার করতেন। ভালো সেবা পেতে বিটিসিএল ভোলায় সংযোগের আবেদন করেন এবং ফিও জমা দেন। দুই-তিন দিনের মধ্যে দেওয়ার কথা ছিল, কিন্তু ১০ দিন পরেও সংযোগ মেলেনি।
এ অভিযোগের বিষয়ে বিটিসিএল ভোলার সহকারী ব্যবস্থাপক মো. পারভেজ জানান, বিটিসিএল ইন্টারনেট সংযোগের রাউটার প্রতিষ্ঠানই দিয়ে থাকে। বর্তমানে ভোলায় রাউটার না থাকায় সংযোগ দেওয়া যাচ্ছে না। রাউটারের চাহিদা জানানো হয়েছে, কিন্তু বিটিসিএল বরিশাল কার্যালয় থেকে সরবরাহ না করায় সমস্যা দেখা দিয়েছে।
তিনি আরও জানান, ভোলায় বিটিসিএলের তিন হাজার ইন্টারনেট সংযোগ দেওয়ার সক্ষমতা রয়েছে। সংযোগ রয়েছে ৪৫০টি।
গ্রাহকরা বলছেন, একদিকে বিটিসিএল সংযোগ নেওয়ার জন্য প্রচারণা চালাচ্ছে, অন্যদিকে ভোলায় আবেদন ফি জমা দিয়েও সংযোগ পাওয়া যাচ্ছে না। এর কারণ খতিয়ে দেখা প্রয়োজন।



