নোয়াখালীর সেনবাগ উপজেলায় সাত বছর বয়সী এক কন্যাশিশুকে যৌন নির্যাতনের অভিযোগে সোহেল (৩২) নামের এক যুবককে আটক করা হয়েছে।
রবিবার (৩১ মে) দিবাগত রাত ১০টায় স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সেনবাগ থানা পুলিশ তাকে আটক করে।
আটক সোহেল সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বালিয়াকান্দী গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, আটক সোহেল পেশায় একজন রিকশাচালক। রবিবার বিকেলে তিনি তার এক প্রতিবেশীর সাত বছর বয়সী কন্যাশিশুকে বাড়ির পাশে মক্তবের পিছনে নিয়ে যৌন নির্যাতন করেন। শিশুর ভাষ্য অনুযায়ী, সোহেল তাকে ঠোঁটে ও গালে চুমু খান এবং শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে স্পর্শ করেন। শিশুটি জোর করে ছুটে বাড়িতে এসে বিষয়টি তার মাকে জানালে বাড়ির লোকজন ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে জানায়। পুলিশ রাত ১০টার দিকে সোহেলকে আটক করে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে সেনবাগ থানায় রয়েছেন।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম সরকার জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সোহেলকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



