Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

গাঁজা পাচারের পথে ট্রাকের সঙ্গে সংঘর্ষ, নিহত ১

মোটরসাইকেলের সিটের নিচে তিন কেজি ওজনের গাঁজা পাওয়া গিয়েছে

আপডেট : ০২ জুন ২০২৬, ০৭:০৫ পিএম

বগুড়ার ধুনটে মোটরসাইকেলে গাঁজা পাচারের সময় ট্রাকের সাথে সংঘর্ষে শাকিল আহমেদ (২৭) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গী আশিক রহমান (২০) গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলের সিটের নিচে তিন কেজি গাঁজা পাওয়া গেছে।

মঙ্গলবার (২ মে) বেলা ২টার দিকে উপজেলার উল্লাপাড়া এলাকায় শেরপুর-ধুনট সড়কে এ দুর্ঘটনা ঘটে। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম এ তথ্য দিয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা শেরপুর ছেড়ে আসা ধুনটগামী বেপরোয়া গতির একটি মোটরসাইকেল মঙ্গলবার বেলা ২টার দিকে শেরপুর-ধুনট সড়কের উল্লাপাড়া এলাকায় পৌঁছে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সামনে থেকে ধাক্কা দেয়। মোটরসাইকেলটি ট্রাকের নিচে ঢুকে গিয়ে সড়কের পাশে খাদে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার পশ্চিম বালাতরী গ্রামের শাকিল আহমেদ মারা যান। এছাড়া অপর আরোহী একই উপজেলার শিমুলবাড়ি গ্রামের আশিক রহমান গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

খবর পেয়ে ধুনট থানা পুলিশ ঘটনাস্থলে এসে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি সড়কের পাশে খাদ থেকে উদ্ধার করেন। এ সময় সিটের নিচে তিন কেজি ওজনের গাঁজা পাওয়া যায়।
ধুনট থানার ওসি আতিকুল ইসলাম জানান, হতাহতরা মাদক ব্যবসায়ী। তারা কুড়িগ্রাম থেকে গাঁজা নিয়ে সিরাজগঞ্জের কাজিপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ধুনটের উল্লাপাড়ায় ট্রাকের সাথে সংঘর্ষে একজন নিহত ও একজন আহত হন। মোটরসাইকেলে তিন কেজি গাঁজা পাওয়া গেছে।

এ ব্যাপারে থানায় সড়ক পরিবহণ ও মাদক দ্রব্য আইনে পৃথক মামলার প্রস্তুতি চলছে। পাশাপাশি নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

   

About

Popular Links

x