লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয়েছে ১১ বছরের এক শিশু। এ ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, শিশুটির বাড়ি রামগঞ্জ উপজেলায়। ঈদ উপলক্ষে পরিবারের সঙ্গে সে রামগতির চরবাদাম ইউনিয়নে তার নানার বাড়িতে বেড়াতে আসে। ঘটনার দিন দুপুরে সুযোগ বুঝে প্রতিবেশী মামুন শিশুটিকে জোরপূর্বক একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে পুলিশকে জানানো হলে বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত মামুনকে গ্রেপ্তার করা হয়।
ভুক্তভোগী শিশুটির মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার মেয়েটা আনন্দের সঙ্গে নানার বাড়িতে ঈদ করতে এসেছিল। কিন্তু এই নরপশু তার জীবনকে দুর্বিষহ করে তুলেছে। আমি ধর্ষকের সর্বোচ্চ শাস্তি চাই।”
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির নানি বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এছাড়া ভুক্তভোগী শিশুর ডাক্তারি পরীক্ষার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।



