Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

রাঙামাটিতে এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

তিনি জামালপুর সদর উপজেলার হনুমানেরচর গ্রামের বাসিন্দা

আপডেট : ০২ জুন ২০২৬, ১০:২৯ পিএম

রাঙামাটি শহরের তবলছড়ি পোস্ট অফিস কলোনি এলাকার একটি বাসা থেকে পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১ জুন) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সাজেদুল হক (৩৫) রাঙামাটি সদর ফাঁড়িতে উপ-পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তিনি জামালপুর সদর উপজেলার হনুমানেরচর গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, তবলছড়ি পোস্ট অফিস কলোনির একটি তিনতলা ভবনের ভাড়া বাসায় স্ত্রী ও এক কন্যাসন্তানকে নিয়ে বসবাস করতেন সাজেদুল হক। গভীর রাতে তিনি ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস নেন। পরে তার স্ত্রী সাজিদা আক্তার বিষয়টি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার পর পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।

রাঙামাটির পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন। তবে প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

   

About

Popular Links

x