ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের দাগনভূঞা উপজেলার বাংলাবাজার (পাকিস্তান বাজার) এলাকায় বাসচাপায় পৌরসভার সহকারী প্রকৌশলী জুনায়েদ কাওছারের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২ জুন) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের খাবার শেষে মোটরসাইকেলে করে পৌরসভা কার্যালয়ে যাচ্ছিলেন তিনি। পথে বাংলাবাজার এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা বাঁধন পরিবহনের একটি দ্রুতগতির বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তিনি মারা যান।
দাগনভূঞা পৌরসভার সহকারী কর্মকর্তা মোখলেছুর রহমান জানান, দুর্ঘটনার পরপরই পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই জুনায়েদ কাওছারের মৃত্যু হয়। তার স্ত্রী হাসপাতালে এলেও তাকে জীবিত অবস্থায় আর দেখতে পাননি।
দাগনভূঞা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।



