Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

বুধবার দেশে আসছে বিশ্বকাপ ফুটবল সম্প্রচারের ঘোষণা

বিটিভি সরাসরি ফিফার সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতি অর্জন করেছে

আপডেট : ০২ জুন ২০২৬, ০৮:৪৫ পিএম

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য স্বস্তির খবর আসতে যাচ্ছে। দীর্ঘ অনিশ্চয়তার পর ২০২৬ ফুটবল বিশ্বকাপ দেশের টেলিভিশন দর্শকদের জন্য সরাসরি সম্প্রচারের পথ প্রায় সুগম হয়েছে। সবকিছু ঠিক থাকলে বুধবার ফিফার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করতে পারে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), এরপরই বিশ্বকাপ সম্প্রচারের ঘোষণা আসতে পারে।

সংশ্লিষ্ট একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, বিটিভি সরাসরি ফিফার সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতি অর্জন করেছে। চূড়ান্ত সমঝোতা হলে সরকারি এই সম্প্রচারমাধ্যম ২০২৬ বিশ্বকাপের ম্যাচগুলো দেশের দর্শকদের কাছে পৌঁছে দেবে।

এর আগে বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেয়েছিল সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবক। তবে ফিফা তাদের সঙ্গে চুক্তি বাতিল করে দেয়। অতিরিক্ত অর্থ দাবির কারণে শুরু থেকেই ওই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করতে আগ্রহ দেখায়নি বিটিভি। ফলে সরাসরি ফিফার সঙ্গে যোগাযোগ করে সম্প্রচার স্বত্ব পাওয়ার উদ্যোগ নেয় প্রতিষ্ঠানটি।

সূত্র আরও জানিয়েছে, বিটিভি সম্প্রচার স্বত্ব পেলে দেশের দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলও বিশ্বকাপের ম্যাচ সম্প্রচার করতে পারে। যদিও চুক্তি চূড়ান্ত হওয়ার আগে সংশ্লিষ্ট কোনো পক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হয়নি।

কয়েক সপ্তাহ ধরে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে দেশের ক্রীড়াপ্রেমীদের মধ্যে উদ্বেগ বিরাজ করছিল। বিশেষ করে ফ্রি-টু-এয়ার সম্প্রচারের জন্য বিটিভির ওপর নির্ভরশীল দর্শকদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে সম্ভাব্য এই চুক্তি বাস্তবায়িত হলে সেই উদ্বেগ দূর হবে এবং দেশের কোটি কোটি দর্শক বিনামূল্যে বিশ্বকাপ উপভোগের সুযোগ পাবেন।

এখন সবার দৃষ্টি বুধবারের সম্ভাব্য ঘোষণার দিকে।

 

   

About

Popular Links

x