Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ডিএমপি: ধানমন্ডি ৩২ থেকে আটক রিকশাচালককে হত্যা মামলার আসামি করা হয়নি

পুলিশের দাবি, তাকে সন্দেহভাজন আসামি হিসেবে আদালতে পাঠানোর পর কারাগারে নেওয়া হয়েছে

আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ০২:৪৬ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক রিকশাচালক মো. আজিজুর রহমানকে হত্যা মামলার আসামি করা হয়নি বলে দাবি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রবিবার (১৭ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশনস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

পুলিশের দাবি, তাকে সন্দেহভাজন আসামি হিসেবে আদালতে পাঠানোর পর কারাগারে নেওয়া হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে মারধরের শিকার হন রিকশাচালক আজিজুর রহমান। পরে পুলিশ এসে তাকে নিয়ে যায়। শনিবার তাকে আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার উপপরিদর্শক মোহাম্মদ তৌহিদুর রহমান।

এরইমধ্যে বিভিন্ন সংবাদমাধ্যমকে খবর প্রকাশ হয় যে, সরকার পতনের আন্দোলন চলাকালে ২০২৪ সালের ৪ আগস্ট সাইন্সল্যাব এলাকার গুলিবিদ্ধ মো. আরিফুল ইসলামের করা হত্যাচেষ্টা মামলায় আজিজুরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ধানমন্ডি থানায় এই মামলা করা হয় গত ২ এপ্রিল।

এই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। নানা আলোচনা-সমালোচনার মুখে ডিএমপির সংবাদবিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে মো. আজিজুর রহমানের গ্রেপ্তার ও মামলা নিয়ে অহেতুক ভুল তথ্য ছড়ানো হচ্ছে। অনেকেই বিষয়টিকে হত্যা মামলা হিসেবে প্রচার করছেন, যা সর্বৈব মিথ্যা ও উদ্দেশ্যমূলক।

পুলিশের দাবি, প্রকৃতপক্ষে আটক মো. আজিজুর রহমানকে যে মামলায় সন্দেহভাজন আাসামি হিসেবে আদালতে পাঠানো হয়েছে তা পেনাল কোডের একটি নিয়মিত মামলা। এ বিষয়ে বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করেছে ডিএমপি।

   

About

Popular Links

x