Wednesday, June 17, 2026

সেকশন

English
Dhaka Tribune

হরমুজ প্রণালি পার হতে ‘বাংলার জয়যাত্রা’র যাত্রা

হরমুজ পার হতে আরও কমপক্ষে ৪০ ঘণ্টার মতো সময় লাগতে পারে

আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ০৪:১৩ পিএম

যুক্তরাষ্ট্র ও ইরানের ভেতর যুদ্ধ শুরুর পর পারস্য উপসাগরে আটকা পড়া বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পার হওয়ার জন্য নোঙর তুলেছে।

বুধবার (৮ এপ্রিল) ভোরে যুদ্ধবিরতির পর বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন জাহাজটি নোঙর তুলে। এতে বাংলাদেশের ৩১ জন নাবিক রয়েছেন।
জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা মেরিন ট্রাফিকের ওয়েবসাইটে দুপুর ১২টায় দেখা যায়, জাহাজটি সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে রওনা হয়েছে। দুপুর ১২টায় দাম্মাম

বন্দরের বহির্নোঙরে অবস্থান করছিল জাহাজটি। সেসময় জাহাজটির গতিবেগ দেখাচ্ছিল ঘণ্টায় ৮ দশমিক ৩০ নটিক্যাল মাইল। জাহাজটির পানির নিচের অংশের দৈর্ঘ্য ১০ দশমিক ৮০ মিটার।

জাহাজটির প্রধান প্রকৌশলী রাশেদুল হাসান গণমাধ্যমকে বলেন,“সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে প্রায় ৩৭ হাজার টন সার বোঝাই করে দাম্মাম বন্দরের বহির্নোঙরে ছিল জাহাজটি। যুদ্ধবিরতির পর এখন নোঙর তোলা হয়েছে। হরমুজের দিকে যাচ্ছি।”

হরমুজ পার হওয়ার পর জাহাজটি দক্ষিণ আফ্রিকার কেপটাউন বন্দরে নেওয়া হবে বলেও জানান তিনি। তিনি আরও জানান, হরমুজ থেকে ৪২৫ নটিক্যাল মাইল দূরে রয়েছেন তারা। হরমুজ পার হতে আরও কমপক্ষে ৪০ ঘণ্টার মতো সময় লাগতে পারে।

গত ২ ফেব্রুয়ারি ভারত থেকে পণ্য বহন করে হরমুজ প্রণালি পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে ‘বাংলার জয়যাত্রা’। পরে কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতে পৌঁছায় জাহাজটি। এর পরদিনই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। 

   

About

Popular Links

x