অনুমতি না পাওয়ায় এবারও হরমুজ প্রণালি পার হতে পারেনি বাংলাদেশি জাহাজ 'এমভি বাংলার জয়যাত্রা'।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকালে ইরান সব বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত ঘোষণার পর শারজাহ বন্দরের থাকা 'বাংলার জয়যাত্রা' রাত ৯টার দিকে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের দিকে যাত্রা শুরু করে।
বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক এ তথ্য জানিয়েছেন।
তিনি আরও বলেছেন, এসময় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অনুমতি না পেলেও অন্যান্য বাণিজ্যিক জাহাজের সঙ্গে রাত ১১টা ৫০ মিনিটের দিকে জাহাজটি হরমুজ প্রণালিতে প্রবেশ করে। তবে রাত সাড়ে ১২টার দিকে ইরানি নেভি রেডিও বার্তায় সব জাহাজকে তাদের ইঞ্জিন বন্ধ করার আদেশ দেয়। এ কারণে আর এগোতে পারেনি 'বাংলার জয়যাত্রা'।
এসময় আইআরজিসি'র পক্ষ থেকে আরও জানানো হয়, তাদের অনুমতি ছাড়া কেউ হরমুজ প্রণালি পার হতে পারবে না। ফলে আবারও আটকে যায় এই জাহাজটি।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ৩১ জন নাবিক নিয়ে দীর্ঘ ৪০ দিন আটকে থাকা বাংলার জয়যাত্রা, গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি ঘোষণার পর সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে হরমুজ প্রণালির উদ্দেশে রওনা দেয়। ১০ এপ্রিল হরমুজের কাছাকাছি এসে পৌঁছালেও ইরান সরকার জাহাজটিকে প্রণালি পার হওয়ার অনুমতি দেয়নি। পরে বাধ্য হয়ে আরব আমিরাতের শারজাহ বন্দরে ফিরে যায় 'বাংলার জয়যাত্রা'।



