নববর্ষের দিন ভোরে কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ভয়াবহ দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই ৭ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৬ জন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার।
হাইওয়ে পুলিশ জানায়, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী চালবোঝাই একটি ট্রাক ভোর ৩টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকটির উপরে থাকা ১৩ জন যাত্রী নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয় এবং আহত হন ৬ জন।
নিহতদের সবাই দিনাজপুর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তারা হলেন মোহাম্মদ আফজাল হোসেন (৩৫), সোহরাব হোসেন (৪০), সালেক (৪৫), সুমন (২১), বিষু (৩৫), আবুল হোসেন (৩০) ও আবদুর রশিদ (৫৫)।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। আহতদের দ্রুত দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, সেখানে তাদের চিকিৎসা চলছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে হাইওয়ে পুলিশ।



