Wednesday, August 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বহিষ্কৃত এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে এনসিপি থেকে অব্যাহতি দেওয়া হয়

আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ১২:২৮ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য অব্যাহতিপ্রাপ্ত নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৪ আগস্ট) রাতে সাইবার সুরক্ষা আইনে দায়ের করা মামলায় ঢাকার মনিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে বগুড়ায় নেওয়া হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সিলেটে এনসিপির পথসভায় হামলার অভিযোগকে কেন্দ্র করে ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর পোস্ট দেন এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীর। পোস্টটি প্রকাশের পর ব্যাপক সমালোচনার মুখে তিনি সেটি মুছে ফেলেন এবং দুঃখ প্রকাশ করেন। পরে এ ঘটনায় দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে এনসিপি থেকে অব্যাহতি দেওয়া হয়।

এর কয়েকদিন পর, গত ২ আগস্ট বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বাদী হয়ে গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা করেন।

মামলার বাদী মাফতুন আহমেদ খান রুবেল অভিযোগ করেন, ফেসবুক পোস্টের মাধ্যমে প্রধানমন্ত্রীর মানহানি করা হয়েছে। একই সঙ্গে ওই পোস্ট জনমনে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টির অপচেষ্টা হিসেবে উল্লেখ করা হয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী গাজী বলেন, ‘‘মঙ্গলবার রাতে ঢাকার মনিপুর এলাকা থেকে গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বগুড়ায় আনা হচ্ছে। এ বিষয়ে পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।’’

   

About

Popular Links

x