Monday, November 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

ধামরাইয়ে পরপর তিন রাতে তিন বাসে আগুন

সর্বশেষ আজ উপজেলার শরীফবাগ এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন লাগে 

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ১১:৪৫ এএম

ঢাকার ধামরাইয়ে টানা তিন রাতে তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।   

সর্বশেষ রবিবার (৮ নভেম্বর) ভোরে উপজেলার শরীফবাগ এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন লাগে। এতে বাসটির প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

হোয়াটসঅ্যাপে পাঠানো এক বার্তায় এসব তথ্য নিশ্চিত করেছেন ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আল আমিন।

ফায়ার সার্ভিস জানায়, ভোররাত ৩টা ৪০ মিনিটের দিকে আফাজ উদ্দিন কলেজের সামনে শরীফবাগ এলাকায় নবীনগর থেকে স্নোটেক্স গার্মেন্টসের কর্মীদের আনা-নেওয়ার কাজে ব্যবহৃত পুরোনো ডি-লিংক পরিবহনের একটি বাসে আগুন লাগে। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ভোর ৪টা ২০ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

ধামরাই ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আল আমিন খানের নেতৃত্বে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বাসটির আনুমানিক দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্য অনুযায়ী, বাসটিতে নাশকতামূলকভাবে আগুন দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বাসটির মালিক লুৎফর রহমান। এর নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-জ-১৪-২৪৭৮।

এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, “গত তিন দিনে তিনটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। আগের ঘটনার পর বাসমালিকদের বাস নিরাপদে রাখার পরামর্শ দেওয়া হয়েছিল। বাস পাহারায় লোক রাখা এবং সার্বক্ষণিক নজরদারিতে রাখার কথাও বলা হয়েছিল। এরপরও বাইরে রাখা আরেকটি বাসে আগুনের ঘটনা ঘটেছে।”

ওসি আরও বলেন, “আগুনের ঘটনাগুলো রাজনৈতিক কারণে, ব্যক্তিগত বিরোধের জেরে, নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তিনটি ঘটনার মধ্যে একটি বাসের মালিক থানায় অভিযোগ করেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আশা করছি, ঘটনার রহস্য উদ্‌ঘাটন করা সম্ভব হবে।”

এর আগে, গত বৃহস্পতিবার দিবাগত রাতে ধামরাই থানা রোডে মেরামতাধীন পাভেল পরিবহনের একটি বাসে আগুন লাগে। পরদিন শুক্রবার দিবাগত রাতে ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় পল্লী সেবা পরিবহনের আরেকটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুই ঘটনায় মোট পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি এবং নয় লাখ টাকার মালামাল উদ্ধারের তথ্য জানিয়েছিল ফায়ার সার্ভিস।

এ নিয়ে টানা তিন রাতে ধামরাইয়ে তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো।

   

About

Popular Links

x