চীনের ৪৬ বছর বয়সী ঝাং হং এশিয়ার প্রথম এবং বিশ্বের তৃতীয় দৃষ্টিশক্তিহীন পর্বতারোহী হিসেবে সবচেয়ে উঁচু পর্বত চূড়া এভারেস্ট জয় করেছেন।
বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ঝাং বলেন, “অক্ষম বা স্বাভাবিক যাই হন না কেন, দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন অথবা হাত-পা নেই সেটা বিবেচ্য নয় যতক্ষণ না আপনার দৃষ্টি মনে থাকে। আমরা চাইলেই এমন কোনো কিছু জয় করতে পারি যা অন্যরা পারবে না।”
গত ২৪ মে ঝাং তিনজন গাইডসহ হিমালয়ের ৮,৮৪৯ মিটার উঁচুতে আরোহণ করেন এবং বৃহস্পতিবার বেস ক্যাম্পে ফিরে আসেন।
মাত্র ২১ বছর বয়সে গ্লুকোমাজনিত কারণে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর চংকিংয়ে জন্মগ্রহণকারী ঝাং। ২০০১ সালে ঝাং এভারেস্ট জয়ী অন্ধ-আমেরিকান পর্বতারোহী এরিক ওয়েইনমায়ার দ্বারা অনুপ্রাণিত হয়ে তার পর্বতারোহী গাইড বন্ধু কিয়াং জি'র কাছে প্রশিক্ষণ শুরু করেন। কোভিড-১৯ মহামারির কারণে গত বছর বন্ধ হয়ে গেলেও নেপাল বিদেশিদের জন্য এ বছরের এপ্রিল মাস থেকে পুনরায় এভারেস্ট আরোহণ চালু করে দেয়।
ঝাং বলেন, “আমি এখনও ভয়ে আছি। কারণ আমি কোথায় যাচ্ছিলাম তা দেখতে পাচ্ছিলাম না, তাই মাঝে মাঝেই পড়ে যেতাম। তবে আমি ভাবছিলাম, কঠিন হলেও আমাকে সবকিছুর মুখোমুখি হতে হবে। আর এটাই আরোহণের একটি বড় উপাদান।”



