চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ম্যানচেস্টার সিটি। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে মুখোমুখি হতে যাচ্ছে দুই দল।
শুক্রবার (১৫ মার্চ) কোয়ার্টার ফাইনাল, সেমি-ফাইনাল ও ফাইনালের ড্র অনুষ্ঠিত হওয়ার পর সিটি কোচ পেপ গার্দিওলার কাছে স্বভাবতই এ নিয়ে প্রশ্ন। গার্দিওলা বললেন, চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদের মুখোমুখি লড়াই যেন অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে।
শুধু তাই নয়, স্প্যানিশ জায়ান্টদের চ্যাম্পিয়ন্স লিগের “রাজা” উল্লেখ করে ভালো খেলার প্রত্যয় জানিয়েছেন তিনি। কেনই বা একথা বলবেন না, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এ ক্লাব ফুটবলের প্রতিযোগিতার রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।
শুক্রবার নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে এফএ কাপের কোয়ার্টার-ফাইনাল সামনে রেখে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন গার্দিওলা।
তিনি বলেন, “পরের ধাপে যেতে হলে দুই লেগেই নিজেদের ভালো খেলতে হবে।”
চ্যাম্পিয়ন্স লিগের আগের দুই আসরে এই দুই দলের দেখা হয়েছিল সেমি-ফাইনালে। ২০২১-২২ আসরে দুই লেগ মিলিয়ে নাটকীয়ভাবে ৬-৫ গোলে এগিয়ে থেকে ফাইনালে উঠেছিল রিয়াল। আর গত মৌসুমে দুই লেগ মিলিয়ে ৫-১ গোলে জিতে ফাইনালে যায় সিটি। পরে ইন্টার মিলানকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পায় দলটি।
আগামী ৯ এপ্রিল প্রথম লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে ইংলিশ চ্যাম্পিয়নরা।
এসব প্রসঙ্গ টেনে গার্দিওলা বলেন, “রিয়াল-সিটির লড়াইটা অনেকটা যেন প্রথার মতো, টানা তিন বছর প্রতিযোগিতাটির রাজাদের বিপক্ষে খেলা, যারা ১৪ বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। আশা করি, লড়াইয়ে আমরা ভালো মুহূর্ত কাটাতে পারব। মাদ্রিদে প্রথম ম্যাচের আগে এখনও কয়েক সপ্তাহ বাকি আছে। দেখা যাক কী হয়।”



চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে রিয়াল-সিটির লড়াই, বার্সা-বায়ার্নের প্রতিপক্ষ যারা