Thursday, July 23, 2026

সেকশন

English
Dhaka Tribune

ব্যাংক ডাকাতির ঘটনায় বান্দরবানের রুমা ও থানচিতে ৪ মামলা

রুমায় তিনটি ও থানচিতে একটি মামলা করা হয়েছে

আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ০৫:৩৪ পিএম

বান্দরবানের রুমা ও থানচিতে ব্যাংকের টাকা ও অস্ত্র লুট এবং ম্যানেজারকে অপহরণের ঘটনায় চারটি মামলা করা হয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রায়হান কাজেমী শুক্রবার বিকেলে ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ব্যাংক ডাকাতির ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে রুমায় তিনটি ও থানচিতে একটি মামলা করা হয়েছে।

মঙ্গলবার (২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে রুমা সোনালী ব্যাংকে সন্ত্রাসীরা হামলা চালিয়ে ব্যাংকের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের ১৪টি আগ্নেয়াস্ত্র লুটপাট করে। ভল্টের টাকা নিতে না পেরে ম্যানেজার নেজাম উদ্দিনকে অপহরণ করে নিয়ে যায় তারা।

পরদিন থানচি বাজারের সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে হামলা চালায় সন্ত্রাসীরা। এসময় কৃষি ব্যাংক থেকে দুই লাখ ৪২ হাজার টাকা এবং সোনালী ব্যাংক থেকে আনুমানিক ১৫ লাখ টাকা নিয়ে যায় ডাকাতরা।

সবশেষ বৃহস্পতিবার রাতে রুমা থেকে সোনালী ব্যাংকের ম্যানেজার নেজাম উদ্দিনকে উদ্ধার করে আইন শৃঙ্খলা বাহিনী। কিন্তু এ ঘটনার দুই ঘণ্টার মধ্যে আবারও থানচি বাজার ও থানায় হামলা করে সন্ত্রাসীরা।

এসময় সন্ত্রাসীদের প্রতিহত করতে অন্তত ৫০০ রাউন্ড গুলি ছোড়ে পুলিশ। ওইদিন মধ্যরাতে বান্দরবানের আলীকদম ২৬ মাইল এলাকায় নিরাপত্তা বাহিনীর একটি চেকপোস্টেও গুলির ঘটনা ঘটে।

 

   

About

Popular Links

x