Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

মায়ের স্মার্টফোন আসক্তি থেকে সন্তানের হতে পারে যে সমস্যা

নতুন মা হওয়া নারীদের স্মার্টফোন আসক্তি কমানোর পরামর্শ গবেষকদের

আপডেট : ০১ জুলাই ২০২৪, ০৫:৪৯ পিএম

তথ্য-প্রযুক্তির ক্রমবর্ধমান বিকাশের যুগে স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গী। প্রযুক্তিপণ্যটি বিশ্বকে এনে দিয়েছে হাতের মুঠোয়, জীবনযাত্রা করেছে সহজ। তবে এই স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার যে ক্ষতি ডেকে আনে সেটিও বিভিন্ন গবেষণায় উঠে এসেছে। তবে এবার নতুন এক গবেষণায় এমন এক তথ্য উঠে এসেছে, যা দেখে মায়ের একটু সতর্ক হতেই হবে।

যুক্তরাষ্ট্রের অস্টিনের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের নতুন এক গবেষণায় দেখা গেছে, যেসব মা স্মার্টফোনে আসক্ত, তাদের শিশুসন্তানের ভাষা ঠিকমতো বিকশিত হয় না। ফলে তারা কথা কম বলে।

আর তাই নতুন মা হওয়া নারীদের মোবাইল ফোন ব্যবহারে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন গবেষকেরা।

সম্প্রতি চাইল্ড ডেভেলপমেন্ট জার্নালে নতুন এ গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে বলে জানিয়েছে ডেইলি মেইল।

স্মার্টফোন আসক্ত মা এবং তাদের শিশুসন্তানদের আচরণ বিশ্লেষণ করে গবেষণায় দেখা গেছে, ছোট শিশুসন্তান থাকা অনেক নারীই প্রতিদিন গড়ে প্রায় সাড়ে চার ঘণ্টা ফোন ব্যবহার করেন। কিছুক্ষণ পরপর ফোন ব্যবহারের অভ্যাসের কারণে তারা সন্তানদের সঙ্গে ২৬% কথা কম বলেন । এর ফলে সন্তানের ভাষার বিকাশ বাধাগ্রস্ত হয়।

প্রতিবেদনে বলা হয়, গবেষণায় অংশ নেওয়া শিশুদের বয়স ছিল গড়ে চার মাস। গবেষণার জন্য ১৬ জন মা এবং তাদের শিশুসন্তানের এক সপ্তাহের আচরণের বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়।

গবেষণার সঙ্গে যুক্ত বিজ্ঞানী কেয়া দে বারবারো বলেন, “আমরা দেখতে পেয়েছি, ফোন ব্যবহারের কারণে মায়ের কথাবার্তায় প্রভাব তৈরি হয়। যারা দীর্ঘসময় ফোন ব্যবহার করেন, তাদের মধ্যে এ প্রভাব সবচেয়ে বেশি। মায়েরা যখন ১ থেকে ৩ মিনিটের জন্য ফোন ব্যবহার করেন, তখন তারা সন্তানের সঙ্গে কম কথা বলেন। সকাল ৯ থেকে ১০টা, দুপুর ১২ থেকে বেলা ১টা এবং বিকেল ৩ থেকে ৪টার সময় ফোন ব্যবহার সন্তানদের ওপর বেশি প্রভাব ফেলে।

শিশুর ভাষা ও যোগাযোগের দক্ষতা উন্নয়নে মায়ের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, “মা-বাবার ফোনের আসক্তি শিশুর ওপর দীর্ঘ মেয়াদে প্রভাব ফেলছে। আর তাই নতুন অভিভাবকদের প্রতি আমাদের পরামর্শ হলো যতটা সম্ভব শিশুর সঙ্গে যুক্ত থাকতে হবে। ফোনের প্রভাব ও সন্তানের ভাষাশিক্ষার প্রভাব সম্পর্কেও সচেতন থাকতে হবে।”

   

About

Popular Links

x