চাঁদপুরের মেঘনা নদীতে সারবোঝাই জাহাজে হত্যাকাণ্ডের শিকার ৭ জনের মধ্যে একজন জাহাজের মাস্টার (চালক) গোলাম কিবরিয়া (৬৫)। নিহতদের মধ্যে গোলাম কিবরিয়ার ভাগনে শেখ সবুজও (২৬) রয়েছেন। একই পরিবারের দুজনের এমন মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ স্বজনরা।
জানা গেছে, সোমবার চাকরি জীবনের শেষ কর্মদিবস ছিল খুন হওয়া জাহাজচালক গোলাম কিবরিয়ার। জাহাজের মালামাল খালাস করে ফিরে আসতে চেয়েছিলেন বাড়িতে। ১০ জানুয়ারি ছিল ছোট মেয়ের বিয়ে। কিন্তু নির্মম হত্যাকাণ্ডের শিকার হওয়ায় মেয়ের বিয়ে দেখে যাওয়া হলো না তার।
পরিবারের বরাত দিয়ে অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউন জানিয়েছে, গোলাম কিবরিয়ার বাড়ি ফরিদপুর জেলা সদরের গেরদা ইউনিয়নের জোয়াইর গ্রামে। প্রায় ৩০ বছর আগে জাহাজের কাজে যোগ দেন তিনি। এমভি আল-বাখেরা জাহাজে শেষবারের মতো ট্রিপে গিয়েছিলেন তিনি। তবে সোমবার সকালে চাঁদপুর জেলার হাইমচর উপজেলার মেঘনা নদীতে ওই জাহাজেই আরও ছয়জনের সঙ্গে খুন হন গোলাম কিবরিয়া। এ ঘটনায় তার ভাগনে শেখ সবুজও নিহত হয়েছেন।
নিহত কিবরিয়ার ভাই সিরাজ বাংলা ট্রিবিউনকে বলেন, “জাহাজের ওই ট্রিপটি ছিল আমার ভাইয়ের শেষ কাজ। মাল রেখেই বাড়ি চলে আসতে চেয়েছিলেন। এসে বড় আয়োজন করে মেয়ের বিয়ে দিতে চেয়েছিলেন। জানুয়ারি মাসের ১০ তারিখে মেয়ের বিয়ের দিন নির্ধারণ করেছিলেন। সকল প্রস্তুতিও শেষ।”
এমভি আল-বাখেরা জাহাজের মালিক দিপলু রানা বাংলা ট্রিবিউনকে বলেন, “জাহাজে মাস্টারসহ মোট ৮ জন স্টাফ ছিলেন। জাহাজে মাস্টার (চালক) ছিলেন কিবরিয়া। তার সঙ্গে আমার রবিবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত কথা হয়েছিল। সে বলেছিল বহরে আরও জাহাজ আছে। সুবিধাজনক স্থানে গিয়ে জাহাজ নোঙর করা হবে। রাতে তাদের ফোনে পাওয়া যায়নি। পরে আমাদের আরেক জাহাজ এমভি মুগনি-৩-এর মাধ্যমে এমভি আল-বাখেরা জাহাজের খোঁজ পাওয়া যায়। জাহাজে থাকা ৮ জন স্টাফের মধ্যে ৭ জন মারা গেছেন। বেঁচে থাকা জুয়েলকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ঢাকায়।”
লাইটার জাহাজ পরিচালনাকারী সংস্থা বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট সেল সূত্র জানিয়েছে, ১৯ ডিসেম্বর এমভি আল-বাখেরা নামের জাহাজটি ইউরিয়া সার পরিবহনের জন্য বরাদ্দ দেওয়া হয়। জাহাজটির ধারণক্ষমতা ৮০০ মেট্রিক টন। জাহাজটির পণ্য পরিবহন ঠিকাদার মেসার্স হামিদিয়া এন্টারপ্রাইজ। বরাদ্দ পাওয়ার পর জাহাজটিতে ২১ ডিসেম্বর চট্টগ্রামের কর্ণফুলী নদীর কাফকো জেটি থেকে ৭২০ টন ইউরিয়া সার বোঝাই করা হয়। রবিবার ভোরে জাহাজটি সার নিয়ে সিরাজগঞ্জের বাঘাবাড়ীর উদ্দেশে রওনা হয়। এই সার ছিল বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি)।
এদিকে, চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদীর ইশানবালা খালের মুখে নোঙর করে রাখা এমভি আল-বাখেরা জাহাজে হত্যাকাণ্ডের শিকার সাতজনের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে।
সহকর্মীদের দেওয়া তথ্যমতে, নিহতরা হলেন জাহাজটির চালক (মাস্টার) কিবরিয়া, ইঞ্জিনচালক সালাউদ্দিন, সুকানি আমিনুল মুন্সি, গ্রিজার সজিবুল, আজিজুল ও মাজেদুল ইসলাম। নিহত আরেকজনের পরিচয় জানা যায়নি। আহত ব্যক্তির নাম জুয়েল। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থাও আশঙ্কাজনক।



চাঁদপুরে সাত খুন: যা জানালেন জাহাজের মালিক